আন্তঃকোরিয়া সড়কের একাংশ উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া গত সপ্তাহে আন্তঃকোরিয়া সড়ক এবং রেলওয়ে পুরোপুরি বিচ্ছিন্ন করার ঘোষণা দেওয়ার পর এ পদক্ষেপ নিল।
আন্তঃকোরিয়া সড়ক এবং রেললাইনের একাংশ উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। দুই কোরিয়ার মধ্যকার কড়া নিরাপত্তাধীন সীমান্তে উত্তর কোরিয়া তাদের অংশে এই সড়ক উড়িয়ে দিয়েছে।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী একথা জানিয়েছে। উত্তরের এ কর্মকান্ডে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বাড়ছে।
গণমাধ্যমে পাঠানো বার্তায় দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) বলেছে, মধ্যদুপুরের দিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগ থাকা উত্তর কোরিয়ার উত্তরাঞ্চলের রাস্তা এবং রেললাইনের কিছু অংশ বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে।
এর জবাবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সীমান্ত রেখার দক্ষিণ অংশে সতর্কীকরণ গুলি ছুড়ে। যদিও বিস্ফোরণে সিউলের সীমান্তের অংশে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
উত্তর কোরিয়া গত সপ্তাহে আন্তঃকোরিয়া সড়ক এবং রেলওয়ে পুরোপুরি বিচ্ছিন্ন করা এবং নিজেদের সীমান্তের অংশের নিরাপত্তা আরও জোরদারের অঙ্গীকার করার পর বিস্ফোরণে সড়ক ও রেলের একাংশ উড়িয়ে দেওয়ার এই পদক্ষেপ নিল।
সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সতর্ক করে দিয়ে বলেছিল যে, উত্তর কোরিয়া বিস্ফোরণ ঘটানোর জন্য প্রস্তুত হচ্ছে।
উত্তর কোরিয়া এরই মধ্যে সীমান্ত বরাবর এলাকায় ভূমিমাইন পাতছে এবং বেষ্টনি দিচ্ছে। সোমবার তাদেরকে ভারি যন্ত্রপাতি দিয়ে বাড়তি কিছু কাজও করতে দেখা গেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জেসিএস।
সড়ক ও রেল উড়ানোর ঘটনার পর দক্ষিণ কোরিয়া সীমান্তে নজরদারি এবং প্রস্তুতি জোরদার করেছে।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার ১৯৫০-৫৩ সালের যুদ্ধ একটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হওয়ার পরও কার্যত এখনও দুই দেশ যুদ্ধের মধ্যেই আছে।
