২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধ চায় না ইসরায়েল-হিজবুল্লাহ, তবে প্রস্তুত উভয়েই

গোটা মধ্যপ্রাচ্য জুড়েই দুইদেশের মধ্যে উত্তেজনা আরেকবার সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা আছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2024, 08:34 PM

Updated : 26 Aug 2026, 10:20 AM

ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত বাড়ছে। যে কোনও সময় শুরু হতে পারে সর্বাত্মক যুদ্ধ। দুই পক্ষই যুদ্ধ চায় না বলে আসলেও তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েই আছে।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, প্রায় ১০০ জঙ্গিবিমান রোববার সকালে দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর নিশানায় হামলা চালিয়েছে। পরে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ে।

১০০ টি জঙ্গিবিমান হামলা হওয়ার বিষয়টি সঠিক হলে সেটি হবে লেবাননে ২০০৬ সালের ইসরায়েল-হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধের পর সবচেয়ে বড় ইসরায়েলি হামলা।

ইসরায়েলের হামলা হয়েছে স্থানীয় সময় বিকাল সাড়ে চারটার দিকে। আর হিজবুল্লাহ স্থানীয় সময় বিকাল ৫ টায় বড় ধরনের হামলা পরিকল্পনা করেছে বলে জানিয়েছে ইসরায়েল।

নিউ ইয়র্ক টাইমস এর খবরে ইসরায়েলের নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে হিজবুল্লাহর হামলা পরিকল্পনার মধ্যে রয়েছে তেল আবিবে রকেট হামলা।

অবশেষে হিজবুল্লাহ জানায়, তারা ৩০০ রকেট এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক স্থাপনায় ছুড়েছে।

গোটা অঞ্চল জুড়েই দুইদেশের মধ্যে উত্তেজনা আরেকবার সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা আছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, গত ৩০ জুলাইয়ে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শোকর হত্যার বদলা নিতে তারা প্রথম দফায় ইসরায়েলে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ফুয়াদ শুকর হত্যাকাণ্ডের পর ইরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাতেও ইসরায়েলের হাত আছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। একারণে ইসরায়েল হিজবুল্লাহর পাশাপাশি ইরানের কাছ থেকেও প্রতিশোধ হামলার মুখে আছে।

তবে হিজবুল্লাহ ইসরায়েলে যে রকেট এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে তা তাদের প্রথম গুরুতর পাল্টা জবাব বলেই ধারণা করা হচ্ছে।

কূটনীতিকরা এখন কয়েক সপ্তাহ ধরে গাজা সংকট বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছে, হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি না হলে এই কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হতে পারে।

কিন্তু যুক্তরাষ্ট্রের অনেক চাপ থাকার পরও ১০ মাসের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে বিরতি টানা নিয়ে একটি চুক্তির জন্য আলোচনা কোনও ফল বয়ে আনেনি।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা দুই দিক থেকে লড়াই করতে প্রস্তুত। এক. গাজা এবং আরেকটি লেবাননের উত্তর সীমান্ত।

হিজবুল্লাহ হামাসের চেয়ে আরও বেশি কঠিন। হিজবুল্লাহর হিসাবমতে, তাদের প্রায় ১৫০,০০০ রকেট আছে। এর মধ্যে কিছু ইসরায়েলজুড়ে বিভিন্ন নিশানায় আঘাত হানতে সক্ষম।

হিজবুল্লাহ যোদ্ধাদের যারা সিরিয়া যুদ্ধে লড়াই করেছে, তারা হামাসের চেয়ে বেশি প্রশিক্ষত এবং সুসজ্জিত।

গাজায় সংঘাতের প্রায় একবছরের মাথায় ইসরায়েলের আরেকটি যুদ্ধের খাঁই আছে কিনা সে প্রশ্ন তুলেছেন অনেকে।

হাজার হাজার ইসরায়েলি রিজার্ভ সেনাকে গাজায় লড়ার জন্য ডেকে পাঠানো হয়েছে। কিন্তু অনেক ইসরায়েলি বিশেষ করে উত্তর ইসরায়েলের নাগরিকরা বলেছেন, হিজবুল্লাহকে সামাল দিতে হবে। 

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে সেখানে বাস করা লাখো মানুষকে তাদের বাড়িঘর থেকে সরে যেতে হয়েছে। অনেকেই ব্যবসা-বাণিজ্য খুইয়েছে।

দক্ষিণ লেবাননেও হাজার হাজার মানুষ ইসরায়েলি বিমান হামলার ভয়ে বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।

ইসরায়েল এবং হিজবুল্লাহ নেতারা বলছেন, তারা আরেকটি সর্বাত্মক যুদ্ধ চান না। কিন্তু উভয়পক্ষই বলছে, তারা এই যুদ্ধের জন্য প্রস্তুত।