রাশিয়ায় হামলায় মার্কিন স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়: ইউক্রেইনকে যুক্তরাষ্ট্র
নভোরোসিয়েস্কে ইউক্রেইনের হামলার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ শুরু করে কারণ সেটি ‘আমেরিকান ও কাজাখ অর্থনৈতিক স্বার্থে প্রভাব ফেলেছিল’, বলেছেন ওয়াশিংটনে কিইভের দূত ওলহা স্তেফানিশাইনা।
কৃষ্ণ সাগরে অবস্থিত রুশ বন্দর নভোরোসিয়েস্কে ইউক্রেইনের হামলার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কিইভকে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট কিছুতে হামলায় নিষেধ করেছে বলে জানিয়েছেন ওয়াশিংটনে ইউক্রেইনের রাষ্ট্রদূত ওলহা স্তেফানিশাইনা।
মঙ্গলবারই প্রথম তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ওই আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা পাওয়ার কথা জানান। তবে বার্তাটি কীভাবে দেওয়া হয়েছিল এবং এ জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে তলব করেছিল কিনা সে বিষয়ে কিছু বলতে তিনি রাজি হননি।
ইউক্রেইন এ বার্তাটি গুরুত্ব সহকারে নিয়েছে, বলেছেন স্তেফানিশাইনা।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রসঙ্গে মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেইনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর চতুর্থ বর্ষপূর্তির দিন মঙ্গলবার স্তেফানিশাইনা জানান, নভোরোসিয়েস্কে ইউক্রেইনের হামলার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ শুরু করে কারণ সেটি ‘আমেরিকান ও কাজাখ অর্থনৈতিক স্বার্থে প্রভাব ফেলেছিল’।
কাজাখস্তানের তেলের সিংহভাগই এই নভোরোসিয়েস্কের বন্দর দিয়ে রপ্তানি হয়। ইউক্রেইনের ড্রোন হামলার কারণে শুক্রবার সংক্ষিপ্ত সময়ের জন্য বন্দরটি ওই রপ্তানি বন্ধ রেখেছিল।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় রুশ অবকাঠামোতে হামলা বন্ধের ব্যাপারে কিছু নেই, কেবল যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় এমন হামলার ব্যাপারে নজর দেওয়া হয়েছে, বলছেন ।
“রাশিয়ার সামরিক বাহিনী ও জ্বালানি অবকাঠামোতে হামলায় নিরুৎসাহিত করার বিষয়ে বার্তায় কিছু নেই। সেখানে মূলত মার্কিন অর্থনৈতিক স্বার্থ যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টিকেই প্রাধান্য দেওয়া হয়েছিল,” বলেছেন তিনি।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর, স্বাধীনতা লাভের কয়েক দশকেও ইউক্রেইন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একই রকমের অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারেনি, এই ঘটনায় তা স্পষ্ট, বলছেন স্তেফানিশাইনা। এখন তিনি এ পরিস্থিতি বদলাতে চান।
রাষ্ট্রদূত হিসেবে এখন তার প্রধান মনোযোগ হচ্ছে শান্তি চুক্তি অর্জনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করা। এর পাশাপাশি কিইভ যেন ইউক্রেইনে টেকসই ও দীর্ঘস্থায়ী মার্কিন অর্থনৈতিক স্বার্থ প্রতিষ্ঠা করতে পারে তার জন্যও তিনি কাজ করছেন। এটাই তার দেশকে সবচেয় শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দেবে বলেই তার ধারণা।
জেনিভায় কয়েকদিন আগেও রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে দুইদিনের শান্তি আলোচনা হয়েছে, যদিও সেখান থেকে দৃশ্যমান কোনো ‘ব্রেক থ্রু’ আসেনি।
ওয়াশিংটন পরিত্যাগ করেছে? ‘মনে হচ্ছে না’
পরে মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে উপস্থিত থাকা স্তেফানিশাইনা বলেন, যুদ্ধ বন্ধে ট্রাম্প ব্যক্তিগতভাবে যেসব যোগাযোগ করে যাচ্ছেন, তার জন্য তার দেশ কৃতজ্ঞ।
যুদ্ধবিরতিতে পৌঁছাতে ব্যর্থতা এবং ট্রাম্প কিইভকে সামরিক সহায়তা কমিয়ে দেওয়ার পরও ওয়াশিংটন ইউক্রেইনকে পরিত্যাগ করেছে—এমনটা মনে করছেন না তিনি।
ওয়াশিংটনে যাওয়ার আগে ইউক্রেইনের ইউরোপিয়ান ও ইউরো-আটলান্টিক একাত্মতা বিষয়ক উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা স্তেফানিশাইনা রাশিয়ার বিরুদ্ধে বিস্তৃত নিষেধাজ্ঞা দেওয়ার বিল পাস করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন।
আইনটি পাসের ব্যাপারে ইউক্রেইন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে মন্তব্য করে তিনি বলেন, বিলটি উত্থাপিত হলেই তা কংগ্রেসে দুই দলের আইনপ্রণেতাদের ব্যাপক সমর্থন পাবে, এরপর ট্রাম্পও তাতে দ্রুত স্বাক্ষর করবেন বলে তিনি আশা করছেন।
“এটা এখনই পাস হওয়া উচিত, নাহলে আমাদের মনে করতে হবে এটা (আইন) করার কোনো ইচ্ছাই তাদের নেই,” বলেছেন তিনি।
যুদ্ধ চালানোর অর্থ পাওয়া রাশিয়ার জন্য কঠিন করে তুলতে ইউক্রেইন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে আরও উপায় নিয়ে কাজ করছে বলেও তিনি জানান, তবে এ বিষয়ে বিস্তৃত কিছু বলতে ইউক্রেইনের এই রাষ্ট্রদূত রাজি হননি।
“অনেক ধরনের যোগাযোগ চলছে। যা আমি বলতে পারি, তা হল যুক্তরাষ্ট্র সরকার আমাদের পরিত্যাগ করেনি,” বলেছেন তিনি।
