২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মাবমাননার অভিযোগ: পাকিস্তানকে এক পর্যটককে পিটিয়ে হত্যা

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সোয়াত উপত্যাকার মদিয়ান শহরে ঘটে এ ঘটনা।

ধর্মাবমাননার অভিযোগ: পাকিস্তানকে এক পর্যটককে পিটিয়ে হত্যা
ছবি: ইউটিউব ভিডিও

রয়টার্স

Published : 21 Jun 2024, 10:13 PM

Updated : 26 Aug 2026, 09:50 AM

পাকিস্তানে পবিত্র কুরআন অবমাননার অভিযোগে স্থানীয় এক পর্যটককে পুলিশ স্টেশন থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। পরে তার দেহ জ্বালিয়েও দেওয়া হয়।

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সোয়াত উপত্যাকার মদিয়ান শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে এ ঘটনা।

সোয়াতের পুলিশ কর্মকর্তারা বলছেন, ৩৬ বছর বয়সী ওই পর্যটক ঈদুল-আজহার ছুটির সময়ে পাঞ্জাবের শিয়ালকোট থেকে সোয়াত ভ্রমণে গিয়েছিলেন। 

তার বিরুদ্ধে পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের পাতা পোড়ানোর অভিযোগ ছিল বলে জানিয়েছেন মালাকান্দ ডিভিশনের আঞ্চলিক পুলিশ প্রধান মোহম্মদ আলি।

পুলিশ অভিযোগ পেয়ে তাকে মদিয়ানের বাজার থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কিন্তু লোকজন পুলিশ স্টেশনে জড়ো হয়ে ওই ব্যক্তিকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়।

শত শত মানুষ মদিয়ান পুলিশ স্টেশনের সামনে ভিড় করেছিল বলে ভাষ্য পুলিশের। প্রথমে পুলিশ বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্তকে বাঁচাতে পারলেও পরে ব্যর্থ হয়।

মসজিদ থেকে লাউডস্পিকারে স্থানীয়দেরকে বাইরে বেরিয়ে আসার ঘোষণা দেওয়ার পর জনতা পুলিশ স্টেশনে হামলে পড়ে অভিযুক্তকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে হত্যা করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে মানুষজনের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছে। ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তির রক্তাক্ত দেহ রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাতে আগুন ধরানো হচ্ছে।

পাকিস্তানে ধর্মাবমাননার অভিযোগে পিটিয়ে হত্যার ঘটনা প্রায়শই ঘটে থাকে এবং এ ধরনের অপরাধের সাজা মৃত্যুদণ্ড। বৃহস্পতিবারের ঘটনায় হত্যাকাণ্ডের হোতা যারা তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলি।

গতমাসেও পাকিস্তানের পূর্বাঞ্চলে কুরআনের পাতা পোড়ানোর অভিযোগে এক খ্রিস্টানের ওপর হামলা করেছিল বিক্ষুব্ধ জনতা। গুরুতর জখম হয়ে পরে সেই ব্যক্তি মারা যান।