১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে ইরানি প্রতিনিধিদের দ্বিতীয় বৈঠক, বার্তা বিনিময়ের জল্পনা

ইরানি প্রতিনিধি দলটি শুক্রবার পাকিস্তানে পৌঁছানোর পর ওই দিন রাতে একবার ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছিল।

পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে ইরানি প্রতিনিধিদের দ্বিতীয় বৈঠক, বার্তা বিনিময়ের জল্পনা
পাকিস্তানের ইসলামাবাদে, যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি আলোচনা উপলক্ষ্যে রাস্তার পাশে স্থাপিত একটি বিলবোর্ড। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2026, 07:36 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়া ইরানি প্রতিনিধি দল দ্বিতীয়বারের মতো পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। 

ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, শুক্রবার রাতে প্রথম বৈঠকের পর শনিবার তারা আবার বৈঠক করেছেন, এতে দুই পক্ষের মধ্যে নতুন কোনো বার্তা বিনিময় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

তাসনিমের ইসলামাবাদ প্রতিনিধি জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের আগে ইরানি প্রতিনিধি দল দ্বিতীয়বারের মতো পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তার সঙ্গে দেখা করে। 

ইরানি প্রতিনিধি দলটি শুক্রবার পাকিস্তানে পৌঁছানোর পর ওই দিন রাতে একবার ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছিল।

শনিবার মুনিরের সঙ্গে দেখা করার পর ইরানি প্রতিনিধি দল দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের নেতৃত্বে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফের সঙ্গে দেখা করে। বৈঠকে ইরানি প্রতিনিধি দলের সদস্য পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও উপস্থিত ছিলেন।    

ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল এখন ইসলামাবাদে অবস্থান করছে। মার্কিন এই প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনারও আছেন। 

২৮ ফেব্রুয়ারি সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। প্রথম দিনের হামলায়ই মার্কিন, ইসরায়েলি বাহিনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনি ও দেশটির সামরিক বাহিনীর বেশ কয়েকজন নেতাকে হত্যা করে। কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা শুরু করে ইরান। 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক হামলা চালিয়ে কয়েকদিনের মধ্যে দ্রুত বিজয় ছিনিয়ে নেওয়ার আশা করলেও শক্তিশালী পাল্টা হামলা চালিয়ে ইরান ৪০ দিন পর্যন্ত যুদ্ধ টেনে নেয়। এ সময় মার্কিন, ইসরায়েলি হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সম্পদের প্রভূত ক্ষয়ক্ষতি হয়। 

যুদ্ধের এই উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকার মধ্যেই ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি হয়। এই যুদ্ধবিরতিকে একটি স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দিতে পাকিস্তানের আমন্ত্রণে দুই পক্ষের প্রতিনিধিরা এখন ইসলামাবাদ আছেন। পাকিস্তানের স্থানীয় সময় রাত ৮টায় দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা আছে বলে জানা গেছে।