১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টিকে থাকা ইরানি নেতাদের হত্যার ফাঁদ হতে পারে ট্রাম্পের আলোচনা, আশঙ্কা ইরানের

তেহরান উদ্বিগ্ন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অবসান নিয়ে যেকোনও সরাসরি আলোচনা আসলে ইরানের পার্লামেন্ট স্পিকারকে বাইরে বের করে আনারই ছক।

টিকে থাকা ইরানি নেতাদের হত্যার ফাঁদ হতে পারে ট্রাম্পের আলোচনা, আশঙ্কা ইরানের
ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2026, 01:26 AM

Updated : 26 Aug 2026, 03:14 PM

ইরানের শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ অবসানে আলোচনার যে কথা বলা হচ্ছে, তা আসলে একটি ফাঁদ হতে পারে।

এই আলোচনার অজুহাতে ইরানে টিকে থাকা সর্বশেষ শীর্ষ নেতাদেরকে বের করে এনে পরে অতর্কিতে হামলা চালিয়ে তাদেরকে হত্যার চেষ্টা চলতে পারে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে এমন কথাই।

খবরে বলা হয়, তেহরানের নেতারা উদ্বিগ্ন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অবসান নিয়ে যে কোনও মুখোমুখি আলোচনা আসলে একটি কৌশল। এটি হতে পারে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে বাইরে বের করে আনার ছক।

গালিবাফ সাবেক একজন আধা-সামরিক কমান্ডার এবং সাম্প্রতিক বিমান হামলা থেকে বেঁচে যাওয়া ইরানের গুটিকয়েক ঊর্ধ্বতন নেতার মধ্যে অন্যতম।

যে কোনও শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র বাগের গালিবাফের উপস্থিতি চাইছে। এ বিষয়টিকে সন্দেহের দৃষ্টিতে দেখছে ইরান।

ইরানি কর্মকর্তা ও তাদের সঙ্গে যোগাযোগ রাখা আরব কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা সাময়িকভাবে স্থগিত রাখার যে ঘোষণা দিয়েছেন, তাও একটি চাল বলেই দাবি করছেন ইরানের কর্মকর্তারা। 

তারা বলছেন, নতুন করে হামলা শুরু করার আগে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টাতেই ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প সোমবার ইরানের বিদ্যুৎ ও জ্বালানিকেন্দ্রগুলোতে বোমা হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন।

ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসান নিয়ে বর্তমানে ‘ফলপ্রসূ’ আলোচনা চলছে। তবে ট্রাম্পের এই দাবির পরপরই ইরান কোনও ধরনের আলোচনা চলার কথা সরাসরি অস্বীকার করে।