বৈশ্বিক সংঘাতের ঝুঁকি ‘গুরুতর ও বাস্তব’: পোল্যান্ড
সাম্প্রতিক ঘটনাবলী থেকে দেখা যাচ্ছে, হঠাৎ করে বৈশ্বিক সংঘাত শুরু হয়ে যাওয়ার ঝুঁকি খুবই গুরুতর এবং বাস্তব, বলেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্ক বলেছেন, সাম্প্রতিক ঘটনাবলী থেকে দেখা যাচ্ছে হঠাৎ করে বৈশ্বিক সংঘাত শুরু হয়ে যাওয়ার বাস্তব ঝুঁকি বিরাজ করছে।
রাশিয়া একটি হাইপারসনিক মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেইনের নগরীতে ছোড়ার পর পোলিশ প্রধানমন্ত্রী একথা বললেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার মাটিতে ইউক্রেইনের মার্কিন ও ব্রিটিশ অস্ত্র হামলার জবাবে রুশ সশস্ত্র বাহিনী ওই নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইউক্রেইন মার্কিন ও ব্রিটিশ অস্ত্র হামলা চালানোর মুহূর্ত থেকেই যুদ্ধ আঞ্চলিক থেকে বৈশ্বিক রূপ নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার মাটিতে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের পর রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র হামলাকে উত্তেজনা আরেক ধাপ বৃদ্ধি বলে অভিহিত করেছেন।
এমন পরিস্থিতির আবহেই পোল্যান্ডের প্রধানমন্ত্রী এক শিক্ষক সম্মেলনের বক্তব্যে শুক্রবার বলেছেন, “পূর্বদিকের যুদ্ধ চরম পর্যায়ে চলে যাচ্ছে। অজানা আশঙ্কা ঘনিয়ে আসছে বলেই আমরা বোধ করছি।
“গত কয়েক ঘণ্টায় ঘটে যাওয়া সব ঘটনা দেখিয়ে দিয়েছে যে, বৈশ্বিক সংঘাতের প্রসঙ্গে বলতে গেলে এ হুমকি খুবই গুরুতর এবং বাস্তব।”
রাশিয়া এর আগে পোল্যান্ডকেও হুঁশিয়ারি দিয়েছে। পোল্যান্ডের উত্তরে যুক্তরাষ্ট্রের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি স্থাপনের পদক্ষেপ সামগ্রিকভাবে পারমাণবিক হুমকির মাত্রা বাড়াবে বলে সতর্ক করেছিল রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়।
বাল্টিক উপকূলের রেজিকোভো শহরে অবস্থিত মার্কিন বিমান প্রতিরক্ষা ঘাঁটি নেটোর বৃহত্তর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থারই একটি অংশ। এ ঘাঁটি গত ১৩ নভেম্বর চালু করা হয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সতর্ক করে দিয়ে বলেছিলেন, “এই পদক্ষেপ কৌশলগত ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তাদের উত্তর আটলান্টিক জোটের একের পর এক ঘোর অস্থিতিশীল কর্মকাণ্ডের মধ্যে আরেকটি স্পষ্ট উস্কানিমূলক পদক্ষেপ।
“এ পদক্ষেপ কৌশলগত স্থিতিশীলতা ক্ষুন্ন করবে। কৌশলগত ঝুঁকি বাড়াবে এবং এর ফলে সামগ্রিক পারমাণবিক বিপদের মাত্রা বেড়ে যাবে।”
