সিনওয়ার হত্যা: ইসরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের হুমকি হিজবুল্লাহর
ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু নিশ্চিত হওয়ার পর লেবাননের হিজবুল্লাহ এ ঘোষণা দিয়েছে।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার করার হুমকি দিয়েছে। ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু নিশ্চিত হওয়ার পর শুক্রবার এ ঘোষণা দিয়েছে তারা।
অন্যদিকে, হিজবুল্লাহর সমর্থক ইরান হামাস নেতা হত্যার পর বলেছে, "এ হত্যাকাণ্ড প্রতিরোধ স্পৃহাকে আরও সুদৃঢ় করবে"।
২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলে ঢুকে হামাস যোদ্ধাদের নজিরবিহীন হামলার প্রধান হোতা সিনওয়ার বুধবার গাজায় ইসরায়েলের অভিযানে নিহত হন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি কর্মকর্তারা। এ ঘটনাকে ইসরায়েলের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছেন বিশ্ব নেতারা।
পশ্চিমা নেতারা বলেছেন, এই হামলার ঘটনার পর গাজায় যুদ্ধ অবসানের পথ খুলবে বলেও প্রত্যাশা তাদের।
তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “যুদ্ধ এখনও শেষ হয়নি। হামাস জিম্মি করে রাখা ইসরায়েলিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। তিনি আরও বলেন, 'আজ আমরা যোগ্য প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি।”
বৃহস্পতিবার সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর ধারনকৃত এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “আজ অশুভ শক্তিকে বিনাশ করেছি ঠিকই, কিন্তু আমাদের কাজ এখনও শেষ হয়নি।”
ইসরায়েলি নেতা আরও বলেন, “প্রিয় জিম্মিদের পরিবারের উদ্দেশ্যে আমি বলছি- আজকের ঘটনা এই যুদ্ধের খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত। যতক্ষণ না আপনাদের সব প্রিয়জন ঘরে ফিরছেন, ততক্ষণ পর্যন্ত আমরা সর্বশক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে যাব।”
গত জুলাইয়ে তেহরানে রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার পর সিনওয়ারই হয়ে উঠেছিলেন হামাসের অন্যতম জ্যেষ্ঠ নেতা।
রয়টার্স জানায়, সিনওয়ারকে গতবছরের ৭ অক্টোবরের ‘গণহত্যা ও নৃশংসতার’ মূল পরিকল্পনাকারী হিসেবে বর্ণনা করে ইরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বুধবার সেনারা তাকে হত্যা করেছে।
সামরিক বাহিনীর প্রকাশ করা ড্রোন ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত একটি ভবনের ভেতর চেয়ারে বসে আছেন তিনি। ধূলোয় মাখামাখী শরীর। ইসরায়েলের দাবি, ওই ব্যক্তিই সিনওয়ার।
প্রথমে, হামাসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে দলটির কয়েকজন সদস্য জানিয়েছিল, আপাতদৃষ্টিতে ইসরায়েলি সেনাদের হাতে সিনওয়ার প্রাণ হারিয়েছেন বলেই ধারণা করেছিলেন তারা। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার ফল পেয়েই সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করে ইসরায়েল।
রয়টার্স জানায়, পশ্চিমারা যুদ্ধবিরতির আশা করলেও সিনওয়ারের মৃত্যু মধ্যপ্রাচ্যে শত্রুতা বাড়িয়ে তুলতে পারে।
ইসরায়েল এই মাসে লেবাননে স্থল অভিযান শুরু করেছে। আর এখন গত ১ অক্টোবরে হামাস ও লেবাননের হিজবুল্লাহর মিত্র ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল।
তবে গতবছরের ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ওই হামলায় হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ১,২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক। তখন প্রায় ২৫০ জনকে জিম্মিও করেছিল যোদ্ধারা। এই হামলার প্রধান পরিকল্পনাকারী ব্যক্তির মৃত্যু যুদ্ধ অবসানের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহায়তা করতে পারে বলে ধারণা অনেকের।
এদিকে গাজার স্বাস্থ্যমন্ত্রাণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েল ৪২,০০০ এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন। এখন এই সুযোগ কাজে লাগিয়ে কীভাবে জিম্মিদের দেশে ফিরিয়ে আনা যায়, সে ব্যাপারে আলোচনা করেছেন তারা। তাছাড়া, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করে যুদ্ধের সমাপ্তির বিষয়েও তাদের মধ্য কথা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সিনওয়ারকে যুদ্ধ অবসানের 'প্রধান বাধা' হিসেবে অভিহিত করে বলেছেন, যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি নিশ্চিত করার প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করতে চায় যুক্তরাষ্ট্র।
ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের তাইবে এলাকায় হিজবুল্লাহর কমান্ডার মুহাম্মদ হাসিন রামালকেও হত্যা করেছে।
ইসরায়েলি জিম্মিদের পরিবারগুলো বলছে, সিনওয়ারের হত্যাকাণ্ড একটি উল্লেখযোগ্য অর্জন হলেও গাজায় জিম্মি থাকা অবস্থায় যুদ্ধের লক্ষ্য পূরণ হবে না।
হামাসের হাতে বন্দি অবস্থায় নিহত নোয়া মার্সিয়ানোর বাবা আভি মার্সিয়ানো ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কানকে বলেন, “যেই দানবটি আমার কাছ থেকে তাকে কেড়ে নিয়েছে, যার হাতে আমার মেয়ের রক্ত লেগে ছিল, অবশেষে সে নিজেই নরকের দরজার মুখোমুখি হল।”
তিনি বলেন, ' এই হত্যা প্রতিশোধ হলেও আমরা এখনও স্বস্তি পাচ্ছিনা। আমার মেয়ের বন্ধু নামা, লিরি, আগাম, ড্যানিয়েলা ও কারিনা বাড়ি ফিরলেই আমাদের স্বস্তি মিলবে।”
ওদিকে, গাজার দক্ষিণে খান ইউনিসে থাবেত আমোর নামের এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি রয়টার্সকে বলেছেন, “ফিলিস্তিনিদের লড়াই অব্যাহত থাকবে।”
