২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে চাপে রাখতে ডেমোক্র্যাট-রিপাবলিকানদের বিল আনার পরিকল্পনা

চীনে সংখ্যালঘু নিপীড়ন, ভিন্নমতাবলম্বীদের দমন এবং তাইওয়ানের প্রতি আচরণ নিয়ে উদ্বেগ জানিয়ে তিনটি বিল আনার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের সিনেটররা।

চীনকে চাপে রাখতে ডেমোক্র্যাট-রিপাবলিকানদের বিল আনার পরিকল্পনা
ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 28 Jul 2025, 09:52 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যখন বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য আলোচনার দিকটিতে মনোনিবেশ করছেন, তখন দেশটির ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সিনেটররা মানবাধিকার ও নিরাপত্তার বিষয়টিতে জোর দিয়ে চীনের বিরুদ্ধে তিনটি বিল আনার প্রস্তুতি নিচ্ছেন।

চীনে সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন, ভিন্নমতাবলম্বীদের দমন এবং তাইওয়ানের প্রতি আচরণ নিয়ে উদ্বেগ জানিয়ে এই বিলগুলো আনার পরিকল্পনা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বিলগুলো উত্থাপনের আগেই দেখেছে।

বিলগুলোতে দুই দলের সমর্থন থাকায় এই পরিকল্পনাকে ওয়াশিংটনে তীব্র দলীয় বিভক্তির মধ্যে একটি বিরল দ্বিদলীয় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্পের নেতৃত্বে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য আনার উদ্যোগ কংগ্রেসে—বিশেষ করে রিপাবলিকানদের মধ্যে জোরালো সমর্থন পেলেও চীনকে বাঁকা চোখে দেখা কারও কারও আশঙ্কা, যুক্তরাষ্ট্র নিরাপত্তা ও মানবাধিকারের বিষয়গুলোকে গুরুত্বহীন করে ফেলছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় আরও ছাড় আদায়ের চেষ্টায় আছে চীন। ওদিকে, যুক্তরাষ্ট্রও চীনের সঙ্গে বাণিজ্য আলোচনায় কোনওরকম বিঘ্ন এড়ানোর চেষ্টা করছে।

সোমবার স্টকহোমে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ বাণিজ্য কর্মকর্তারা নতুন করে আলোচনায় বসেছেন। বাণিজ্যযুদ্ধের কেন্দ্রে থাকা দীর্ঘদিনের অর্থনৈতিক বিরোধ মিটমাট করতেই চলছে এই আলোচনা।

বৈঠকের লক্ষ্য শুল্কবিরতির মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো। চীন চাইছে তাদের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক এবং প্রযুক্তি রপ্তানিতে নিয়ন্ত্রণ কমানো হোক।

বাণিজ্যযুদ্ধ অবসানের প্রচেষ্টার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র ও চীন গত মে এবং জুন মাসে প্রাথমিক একটি বাণিজ্য চুক্তি করেছিল। এবার শুল্ক নিয়ে টেকসই একটি চুক্তিতে পৌঁছতে চীন সময় পাচ্ছে ১২ অগাস্ট পর্যন্ত।

“চীনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টতই একটি অর্থনৈতিক চুক্তি করতে আগ্রহী বলে মনে হচ্ছে; এর মধ্যেই  চীনের প্রতি তার দৃষ্টিভঙ্গি এবং তার দল, এমনকি কংগ্রেসের সদস্যদের দৃষ্টিভঙ্গির ব্যবধান প্রকাশ পাচ্ছে”, বলেছেন জার্মান মার্শাল ফান্ডের এশিয়া বিশ্লেষক বনি গ্লাসার।

ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কলি চীনবিরোধী তিনটি বিলেরই নেতৃস্থানীয় প্রস্তাবক। তিনি বলেন, “বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের পথনির্দেশক হিসেবে স্বাধীনতা ও মানবাধিকারের মূল্যবোধকে সব সময় অগ্রাধিকার দিতে হবে, তা হোয়াইট হাউজে যেই থাকুন না কেন।”

চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি বিরল সর্বসম্মত মনোভাব হিসাবেই দেখা হচ্ছে।

তিনটি বিলের মধ্যে একটি বিল রিপাবলিকান সিনেটর জন করনিন যৌথভাবে প্রস্তাব করেছেন। এতে চীনের বর্তমান ও সাবেক সেইসব কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধের আহ্বান জানানো হয়েছে যারা সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ‘জোর করে দেশে ফেরত পাঠানোয়’  জড়িত ছিলেন বলে বিবেচিত।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াংয়ে বসবাস করা প্রায় ১ কোটি উইঘুর জনগোষ্ঠীর ওপর ব্যাপক নিপীড়ন চালাচ্ছে চীন। তবে এ অভিযোগ অস্বীকার করে আসছে চীন।

ইউটাহ-এর রিপাবলিকান সিনেটর জন কার্টিসের যৌথভাবে প্রস্তাব করা আরেকটি বিলে চীনের কাছ থেকে ক্রমবর্ধমান চাপের মুখে থাকা দ্বীপ হিসাবে তাইওয়ানকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

এ লক্ষ্যে লাতিল আমেরিকা এবং ক্যারিবিয়ান যেসব দেশের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক আছে, সেই দেশগুলোকে সমর্থন দেওয়া এবং তাইপের সঙ্গে নিবিড় সমন্বয় গড়ে তোলার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে প্রস্তাবে।

ওদিকে, আলাস্কার রিপাবলিকান সিনেটর ডান সালিভানের যৌথভাবে প্রস্তাবিত তৃতীয় বিলে আন্তর্জাতিক পরিমন্ডলে নিপীড়ন মোকাবেলার পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। যাতে একটি দেশ তার সীমানার বাইরে গিয়ে কোনও ভিন্নমতাবলম্বী, সাংবাদিক বা মানবাধিকার কর্মীকে হয়রানি করা, ক্ষতিগ্রস্ত করা কিংবা ভয়ভীতি দেখানোর চেষ্টা করতে না পারে।