২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমতলী উপজেলা পরিষদ নির্বাচনের ফল

বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনের তিনদিন পর ভোটে এগিয়ে থাকা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 08:33 PM

Updated : 22 Aug 2022, 06:01 PM

৩১ মার্চ উপজেলা নির্বাচনের পঞ্চম দফায় আমতলীতে ভোটগ্রহণের পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী।

চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম দেলোয়ার, ভাইস চেয়ারম্যান পদে দলের পৌর সভাপতি মো. মজিবুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা মাকসুদা আক্তার জোৎস্নাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

জিএম দেলোয়ার আনারস প্রতীকে ৫৮ হাজার ১৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নিকটতম হয়েছেন বিএনপি সমর্থিত জালাল উদ্দিন ফকির। দোয়াত-কলম প্রতীকে তিনি পেয়েছেন ২ হাজার ৪৭২ ভোট।

নির্বাচনের দিন সকালেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ছাড়া বাকিরা নির্বাচন বর্জন করেন।

আগের রাতেই ভোট কেটে বাক্স ভর্তি করা হয়েছে বিএনপি সমর্থিতদের এমন অভিযোগে সাতটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

রিটার্নিং অফিসার মোহাম্মদ আলী জানান, স্থগিত কেন্দ্রগুলোর মোট ভোটের চেয়ে এগিয়ে থাকা প্রার্থীদের ভোটের ব্যবধান অনেক বেশি। তাই এগিয়ে থাকাদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

তবে, তিন দিন পর কেন ফল ঘোষণা করা হয়েছে তার কোনো কারণ জানা যায়নি।