নারায়ণগঞ্জে ২টিতে আ.লীগ
নারায়ণগঞ্জের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে দুটিতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।
সোনারগাঁও উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আজাহারুল ইসলাম মান্নান এগিয়ে থাকলেও ৫টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেনি সহকারী রিটার্নিং অফিসার।
এদিকে সোনারগাঁওয়ে সহকারী রিটানিং অফিসারের কার্যালয় প্রাঙ্গণে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের আতঙ্কে হুড়োহুড়িতে ১৫ জন আহত হয়েছে।
আড়াইহাজার উপজেলায়
আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদ প্রার্থী শাহজালাল মিয়া(দোয়াত কলম) ১ লাখ ৬ হাজার ৫৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী এম এ মাসুদ(আনারস) পেয়েছেন ১০ হাজার ৪২৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত রফিকুল ইসলাম(চশমা) এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে জয়ী হলেন আওয়ামী লীগ সমর্থিত সাংবাদিক বেগম জোসনা খাতুন(কলস)।
সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার গুলশান আরা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
রূপগঞ্জে আ.লীগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহজাহান ভুইয়া (আনারস) ১ লাখ ১১ হাজার ২২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মাহাফুজুর রহমান আকন্দ (কাপপিরিচ) পেয়েছেন ৩১ হাজার ৭০৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী লায়ন হাবিবুর রহমান হারেজ (তালা) এবং ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে আওয়ামী লীগ সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসি আলম নিলা (প্রতিক হাঁস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আবু জাফর রাশেদ।
সোনারগাঁও উপজেলায় বিএনপি
সোনারগাঁয়ে বিএনপি সমর্থিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ৫২ হাজার ৮২৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোশারফ হোসেন ৪১ হাজার ৩৪ ভোট।
১০৮টি ভোট কেন্দ্রের মধ্যে ফলাফল ঘোষণা করা হয়েছে ১০৩টি। অপর ৫টি ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
