২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাজীগঞ্জে উপজেলা নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত দুই কেন্দ্রে পুনঃভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 07:02 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

সহকারী রিটার্নিং অফিসার ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনা আফরোজা এ ফলাফর জানান।

ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার।

তিনি আনারস প্রতীকে ৫৫ হাজার ১৯৪ ভোট পেয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মো. নজরুল ইসলাম তালুকদার (দোয়াত-কলম) পেয়েছেন ৪৮ হাজার ৮৫৬ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত পারভীন ইসলাম বিজয়ী হয়েছেন। তিনি কলস প্রতীকে ৫২ হাজার ৯৭২ ভোট পেয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত রাবেয়া আক্তার রুবি (প্রজাপতি) পেয়েছেন ৫১ হাজার ১৯৮ ভোট।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুনঃভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

গত ১৫ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে ৭৯টি কেন্দ্রের মধ্যে ৭৭টির ফলাফল ঘোষণা করা হয়। ওই সময় দুটি কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়।

ইউএনও হোসনা আফরোজা জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যা পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে গত ১৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জামায়াত ইসলাম সমর্থিত মোজাম্মেল হোসেন পরান (তালা) পেয়েছেন ৫০ হাজার ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

এদিকে বৃহস্পতিবার কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগে দুই কেন্দ্রের পুনঃভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।