দুই উপজেলায় বিএনপি সমর্থিতদের ভোট বর্জন
বরিশালের হিজলায় ও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাচনের স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণের দিন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি সমর্থিত প্রার্থীরা।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হিজলার তিন এবং হাজীগঞ্জে দুই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হয়।
হিজলায় নির্বাচন বর্জন করে রোববার সকাল-সন্ধ্যা হরতালও ডেকেছে উপজেলা বিএনপি।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
বরিশাল
গত ১৫ মার্চ গোলযোগের কারণে হিজলার স্থগিত হয়ে যাওয়া তিন কেন্দ্র দক্ষিণ বড়জালিয়া, হিজলা বাজার ও সংহতি মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়।
এই তিন কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৯ হাজার ২১ জন।
নির্বাচনে কারচুপির অভিযোগে বেলা ১২টার দিকে সাংবাদিকদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন উপজেলা বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মো. শহীদুল্লাহ।
তিনি অভিযোগ করেন, কেন্দ্র থেকে তার এজেন্টদের ‘মারধর করে’ বের করে দেয়া হয়েছে। সকাল থেকে ভোট কেন্দ্র ‘দখল করে’ জাল ভোট দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুলতান মাহমুদের কর্মী-সমর্থকরা।
এর প্রতিবাদে রোববার হিজলা উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে বলে জানান তিনি।
অবশ্য রিটার্নিং অফিসার মো. দুলাল তালুকদার বলছেন, সকাল ৮টা থেকে নিয়ম মেনেই ভোট হয়েছে। কোথাও কোনো গোলযোগের খবর তারা পাননি।
বিএনপি সমর্থিত প্রার্থীর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “আমি লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পাইনি।”
১৫ মার্চ নির্বাচনের পর ঘোষিত ২৭টি ভোট কেন্দ্রের ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী দেওয়ান মো. শহীদুল্লাহ আট হাজার ২১৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল গাফফার তালুকদার পেয়েছেন আট হাজার ১২১ ভোট। আর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুলতান মাহমুদ পেয়েছেন সাত হাজার ১৭৩ ভোট।
চাঁদপুর
কেন্দ্র দখল ও জালভোটের অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাচনে স্থগিত দুই কেন্দ্রের ভোট বর্জন করেছে বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।
চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম তালুকদার বলেন, দুটি কেন্দ্র থেকেই তার এজেন্টদের ‘বের করে দেয়া হয়েছে’। বিষয়টি স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়েও কোনো লাভ হয়নি।
“তাই ভোট বর্জন ছাড়া আমার কোনো উপায় নেই।”
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাবেয়া আক্তার রুবি বলেন, “কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আমাকেও কেন্দ্র ঢুকতে বাধা দেয়া হয়েছে। কেন্দ্র দখল করে প্রচুর জাল ভোট দেয়া হয়েছে।”
গত ১৫ মার্চ নির্বাচনে হাজীগঞ্জ উপজেলার ৭৯টি কেন্দ্রের মধ্যে মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় ও পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ গোলযোগের কারণে স্থগিত রাখা হয়।
এ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিল্লাল হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে; কোনো ধরনের সমস্যা হয়নি।
পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাশিকুর রহমানও একই কথা বলেন।
আগে ঘোষিত ৭৭টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুর রশিদ মজুমদার আনারস প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৬৫৯ ভোট। প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত নজরুল ইসলাম তালুকদার দোয়াত-কলম প্রতীকে ৪৮ হাজার ৯৯ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত রাবেয়া আক্তার রুবি প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৫০ হজার ৫৫৬ ভোট। আর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত পারভীন ইসলাম কলস প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৩৬১ ভোট।
