২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা ভোট: চতুর্থ পর্বে বিএনপিকে ছাড়িয়ে গেল আ. লীগ

উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানের হিসেবে তিন পর্বে পিছিয়ে থাকা আওয়ামী লীগ চতুর্থ পর্বে এসে বিএনপিকে ছাড়িয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 10:05 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

নোয়াখালীর বেগমগঞ্জে একটি কেন্দ্রে ছিড়ে ফেলা ব্যালট পেপার। নোয়াখালীর বেগমগঞ্জে একটি কেন্দ্রে ছিড়ে ফেলা ব্যালট পেপার।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নিজমেহার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা চলছে। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নিজমেহার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা চলছে।

চাঁদপুরের শাহরাস্তির নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের সারি। চাঁদপুরের শাহরাস্তির নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের সারি।

মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যুর পর এলাকবাসীর সড়ক অবরোধ। মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যুর পর এলাকবাসীর সড়ক অবরোধ।

এবার এগিয়ে আ. লীগ

এগিয়েই থাকল বিএনপি

পাল্লা ভারী করল বিএনপি

ইসির হুঁশিয়ারির পরও সহিংসতা, নিহত ৪

ছয় পর্বের এই নির্বাচনে রোববার চতুর্থ পর্বে ৪৩ জেলার ৯১টি উপজেলায় ভোট হয়। এর মধ্যে সোমবার বেলা ১টা পর্যন্ত ৮৮টি উপজেলার ফলাফল পাওয়া গেছে।

চতুর্থ পর্বে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৫৫টি উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। চার পর্ব মিলিয়ে ক্ষমতাসীন দল সমর্থিত চেয়ারম্যানের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জন।

দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপির ২৪ নেতা চতুর্থ পর্বে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। চার পর্ব মিলিয়ে তাদের চেয়ারম্যানের সংখ্যা ১৫০ জন।

সেই হিসেবে দুই পর্বের ভোট বাকি থাকতে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের সংখ্যা এখন বিএনপির চেয়ে ২৭ জন বেশি।

চতুর্থ পর্ব নিয়ে দেশের ৪৮৭ উপজেলার ৩৮৫টিতে নির্বাচন শেষ হলেও রোববার ভোটগ্রহণ হয়েছে, এমন ৩টি উপজেলার ফলাফল পাওয়া যায়নি।

এর মধ্যে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় কক্সবাজারের কুতুবদিয়া, মুন্সীগঞ্জের গজারিয়া, পটুয়াখালীর দুমকি উপজেলায় ফল ঘোষণা হয়নি।

গোলযোগের কারণে ১১টি উপজেলার অন্তত ৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তারা।

চার পর্ব মিলিয়ে এককভাবে আওয়ামী লীগ এগিয়ে গেলেও জোটগতভাবে এখনো এগিয়ে রয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী ও এলডিপি মিলিয়ে ১৯ দলের চেয়ারম্যানের সংখ্যা ১৮৩ জন।

চতুর্থ পর্বে জামায়াত ৫টি উপজেলায় চেয়ারম্যান পদে জয় পেয়েছে, যার মধ্যে পিরোজপুরের জিয়ানগরে জয়ী হয়েছেন যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।

চার পর্ব মিলিয়ে জামায়াত সমর্থিত ৩২ জন প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। এলডিপি জয়ী হয়েছে চট্টগ্রামের একটি উপজেলায়।

চতুর্থ পর্বে জাতীয় পার্টি একটি উপজেলায় চেয়ারম্যান পদে জয় পেয়েছে, তা হচ্ছে দলের সভাপতিমণ্ডলীর সদস্য শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের তাড়াইলে। চার পর্ব মিলিয়ে তাদের চেয়ারম্যানের সংখ্যা এখন ৩ জন।

রোববার অনুষ্ঠিত ভোটে পিরোজপুরের ভাণ্ডারিয়া এবং হবিগঞ্জ সদরে নির্দলীয় দুই ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ইতোপূর্বের ভোটে চেয়ারম্যান পদে পাহাড়ি সংগঠন জনসংহতি সমিতি-জেএসএসের ৬ জন, ইউপিডিএফের ৩ জন চেয়ারম্যান নির্বাচিত হন। রোববার রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায়ও জেএসএস সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানও জেএসএসের।

এ পর্যন্ত নির্বাচিতদের মধ্যে একমাত্র নারী চেয়ারম্যান হয়েছেন রাঙামাটির বরকল উপজেলার মনি চাকমা, যিনি জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী ছিলেন।

চতুর্থ পরিষদ নির্বাচনের প্রথম পর্ব প্রায় গোলযোগহীন হলেও তার পরের প্রতিটি পর্বে সহিংসতা ধারাবাহিকভাবে বেড়েছে।

রোববারের ভোটে সংঘাতে চার উপজেলায় নিহত হয়েছেন চারজন। বেশ কয়েকটি উপজেলায় ব্যালট বক্স ছিনতাই হয়েছে। গোলযোগের কারণে ৫ হাজার ৮৮২টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২টিতে ভোটগ্রহণ স্থগিত করতে হয়েছে।

নির্বাচনী সংঘাতে দ্বিতীয় পর্বে একজন এবং তৃতীয় পর্বে দুজন নিহত হন।  প্রথম পর্বে ১০টি, দ্বিতীয় পর্বে একটি সম্পূর্ণ উপজেলার পাশাপাশি ৩৫টি কেন্দ্র এবং তৃতীয় পর্বে ২৬টি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছিল।

‘কিছু’ সহিংসতা ও গোলযোগ হলেও চতুর্থ পর্বের ভোট শান্তিপূর্ণ ছিল বলে দাবি করেছে নির্বাচন কমিশন। ক্ষমতাসীন আওয়ামী লীগও বলেছে, ভোট তুলনামূলক শান্তিপূর্ণ ছিল।

তবে বিএনপি ব্যাপক কারচুপির অভিযোগ তুলে বলেছে, ৪৬টি উপজেলায় ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মেরেছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।

তৃতীয় পর্বে অনুষ্ঠিত ভোটের মধ্যে বরিশালের হিজলা, চাঁদপুরের হাজীগঞ্জ ও ময়মনসিংহের মুক্তাগাছায় স্থগিত কিছু কেন্দ্রে পুনঃভোটের পর ফল চূড়ান্ত হওয়ার অপেক্ষায়।

৪৮৭ উপজেলার মধ্যে পঞ্চম পর্বে ৭৪টিতে ভোট হবে আগামী ৩১ মার্চ। বাকিগুলোয় মে মাসের প্রথম সপ্তাহে ভোট হবে।

১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৬২ শতাংশ, দ্বিতীয় ধাপে ২৭ ফেব্রুয়ারি ৬৩ শতাংশ, তৃতীয় ধাপে ১৫ মার্চ ৬৪ শতাংশ ভোট পড়ে। চতুর্থ পর্বে ভোটের হার পাওয়া যায়নি।