২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী সদরে ২ কেন্দ্রে ভোট স্থগিত

ভোট কারচুপির অভিযোগে পটুয়াখালী সদর উপজেলায় দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সাময়িক স্থগিত রাখা হয়েছে আরো তিন কেন্দ্রের ভোটগ্রহণ।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 01:33 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির জানান, রোববার চতুর্থ দফা ভোটগ্রহণের দিন উপজেলার পূর্ব মরিচবুনিয়া দারুল সুন্নাহ দাখিল মাদ্রাসা, বলইকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে দেয়া হয়েছে।

এছাড়া মরিচবুনিয়া ডিএস দাখিল মাদ্রাসা, ডিবুয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য কেওয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সরকারি রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা ইউএনও নুরুল আলম।

তিনি বলেন, কেন্দ্রে প্রভাব বিস্তার ও কারচুপির অভিযোগে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচটি, তালাইয়া ইউনিয়নের তিনটি, বগা ইউনিয়নের তিনটি কেন্দ্র আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমানের সমর্থকরা দখলে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তসলিম তালুকদার।

তিনি বলেন, “তারা ওই কেন্দ্রগুলো থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছে।”

পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার বলেন, “এ ধরনের অভিযোগ এসেছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি।”

দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের তিনটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বের করে দেয়ার অভিযোগ উঠেছে জাতীয় পার্টির বিরুদ্ধে।

এ উপজেলায় জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারের বড় ভাই সুলতান হাওলাদার।

আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী শাহজাহান শিকদারের ছোটভাই জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় পার্টির সমর্থকরা দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের তিনটি কেন্দ্র থেকে আওয়ামী লীগ ও ১৯ দলের সমর্থক প্রার্থীর এজেন্টদের বের করে দিয়েছে।”

এ উপজেলায় ১৯ দলের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওয়াহাব মিনার।