২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে দুদলের পাল্টাপাল্টি কারচুপির অভিযোগ

তৃতীয় দফায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপির পাল্টাপাল্টি অভিযোগে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ ও বিএনপি।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 05:48 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মঙ্গলবার কিশোরগঞ্জ শহরে নিজ নিজ দলীয় কার্ালয়ে এ দুই সংবাদ সম্মেলন করা হয়।

গত ১৫ মার্চ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন জেলা যুবদলের আহবায়ক শরীফুল ইসলাম। অপরদিকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মামুন আল মাসুদ খান।

বেলা ১২টায় শহরের স্টেশন রোডে আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান।

লিখিত বক্তব্যে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর প্রতীক কাপ-পিরিচ মার্কায় সিল মারা ৬২৪টি ব্যালট পেপার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, ঘোষিত ফলাফলে ভোট কম দেখানো, বিএনপি প্রার্থীর আচরণবিধি ভঙ্গ এবং আওয়ামী লীগ প্রার্থী ও সমর্থকদের বিনা উস্কানিতে লাঠিপেটা ও তাদের প্রতি গুলিবর্ষণের অভিযোগ আনেন।

তিনি বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ আনেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আশফাকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ আহমদ সাদী, জেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম বকুল প্রমুখ।

এদিকে দুপুর ১টায় স্টেশন রোডে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল আলম।

তার অভিযোগ, প্রথমে তাকে বিজয়ী ঘোষণা করা হলেও আওয়ামী লীগের চাপে ‘বারবার ভোট গণনার নাটকের’ পর মধ্যরাতে ‘অদৃশ্য মহলের ইশারায়’ প্রতিপক্ষ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

এছাড়া তিনি নির্বাচন চলাকালে প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকার কারণে ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থকরা বুথ দখল, এজেন্টদের বের করে দেয়া, ব্যালট পেপার ছিনতাই ও জাল ভোট প্রদান করে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক অসীম সরকার বাধন, নব-নির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবদলের আহবায়ক শরীফুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের অভিযোগের ব্যাপারে সদরের ইউএনও সুব্রত পাল বলেন, ৯৪টি কেন্দ্রের কোনোটিতেই প্রাপ্ত ভোটের চেয়ে ব্যালট পেপার কম পাওয়া যায়নি এবং কোনো প্রার্থী বা এজেন্ট এ নিয়ে অভিযোগও করেননি। তাই ব্যালট খোয়া যাওয়ার বিষয়টি সঠিক নয়।

সম্ভবত গণণাকৃত ব্যালট ভুলক্রমে কেন্দ্র ত্যাগের আগে ফেলে রেখে যাওয়ায় এমনটি হয়েছে। এছঅড়া নির্বাচনে প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ নিরপেক্ভাবে কাজ করেছে।

বিএনপির বারবার ভোট গণণার অভিযোগও সঠিক নয় বলে দাবি করেন ইউএনও।