শাহজাদপুরে বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাংচুর
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর দুইটি নির্বাচনী ক্যাম্প ভাংচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
রোববার বেলা ১২টার দিকে উপজেলার দরগাপাড়া এলাকায় এ ঘটনার সময় দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষও হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শাহজাদপুর থানার ওসি ইকবাল শামীম কবীর বলেন, নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এখনও থানায় কেউ অভিযোগ না করায় কোন মামলা হয়নি।
ঘটনাস্থল পরিদর্শন করে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। তবে চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন হিরুর পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।”
উপজেলা নির্বাচনের পঞ্চম দফায় আগামী ৩১ মার্চ শাহজাদপুর উপজেলায় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে ছয় প্রার্থী লড়ছেন।
বিএনপি সমর্থিত প্রার্থী ইকবাল হোসেন হিরু অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থক প্রার্থী আজাদ রহমানের পক্ষ নিয়ে স্থানীয় সাংসদ হাসিবুর রহমান স্বপনের শ্যালক হেলাল আকন্দের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মী বিনা উস্কানিতে দরগাপাড়ায় তার দুই নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাংচুর করে।
“বাধা দিলে ১০/১২জন কর্মী-সমর্থককেও পেটায়। এ সময় অন্তত ১০টি মোটরসাইকেল ভাংচুর করে ও পোস্টার-ব্যানার ছিড়ে ফেলে তারা।”
তিনি বলেন, “হামলায় গুরুতর আহত দুইকর্মীকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
অভিযোগ অস্বীকার করে সাংসদ হাসিবুর বলেন, “সকালে আমার রূপপুরের বাড়িতে পাঁচটি ইউনিয়নের নেতাকর্মীদের নির্বাচন বিষয়ে বৈঠক হয়। বৈঠক শেষে কর্মী-সমর্থকরা প্রচার মিছিল নিয়ে দরগাপাড়া এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের সামনে থাকা লোকজনের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।”।
এ সময় ইকবাল হোসেন হিরুর সমর্থদের মারধরে দলের অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
