বাগেরহাটের ২ উপজেলায় আ.লীগ নির্বাচিত
বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামাল উদ্দিন আকন আনারস প্রতীকে ২৭ হাজার ৬২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী খান মতিয়ার রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১৪৪ ভোট।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নীং অফিসার কে.এম মামুন উজ্জামান তিনটি পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
ভাইস চেয়ারম্যান পদে মো. হাসানুজ্জামান চশমা প্রতীকে ২২ হাজার ৫৭১ ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মৎ রাহিমা আক্তার হাসি কলস প্রতীকে ২৩ হাজার ৬৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তবে বিএনপি সমর্থিত প্রার্থী খান মতিয়ার রহমান সকাল ১১টায় উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠের পাড় বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা
পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শাহ ই আলম বাচ্চু দোয়াত কলম প্রতীকে ৭৬ হাজার ৯৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল মজিদ হাওলাদার আনারস প্রতীকে ১৪ হাজার ৮৮২ ভোট পেয়েছেন।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নীং অফিসার মো. আব্দুল হালিম তিনটি পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
ভাইস চেয়ারম্যান পদে এস এইচ এম সাবুল আক্তার চশমা প্রতীকে ৭৭ হাজার ৭৪২ ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আজমিন নাহার কলস প্রতীকে ৭৪ হাজার ১৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ভোট কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়ার অভিযোগ এনে বেলা সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
