২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনবাগে ফল ঘোষণার সময় সংঘর্ষ, গুলি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভোটের ফলাফলের শিট ছিঁড়ে ফেলেছে আওয়ামী লীগ সমর্থিত এক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 09:16 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় এ ঘটনার পর আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের সংঘর্ষ হয়েছে।

সংঘর্ষ চলাকালে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হামলা চালিয়ে ফ্যাক্স মেশিন, মাইক্রোফোনসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করা হয়। এতে ফলাফল ঘোষণা কিছুক্ষণ বন্ধ থাকে।

পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিভিন্ন কেন্দ্র থেকে আগত প্রিসাইডিং অফিসারা উপজেলা নিয়ন্ত্রণ কক্ষে ফলাফল জমা দিতে যান।

এ সময় আওয়ামীলীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কবির ও তার লোকজন লোকজন তিনটি কেন্দ্রের ফলাফল শিট ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেললে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ বেধে যায়।

সেনবাগ থানার ওসি মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে সেনা, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে সংঘর্ষকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় লাঠিপেটা করে ও ফাঁকাগুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সহকারী রির্টানিং কর্মকর্তা উদয়ন দেওয়ান জানান, কিছুক্ষণ বন্ধ থাকার পর রাত সাড়ে ৮টা থেকে আবার ফলাফল ঘোষণা শুরু হয়।