টুঙ্গিপাড়ায় জাল ভোট, ১টি কেন্দ্র স্থগিত, গ্রেপ্তার ১
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কয়েকটি কেন্দ্রে ব্যালট বক্স ছিনতাই, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর, সংঘর্ষ, পুলিশের গুলিবর্ষণের মধ্য দিয়ে উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে।
শনিবার তৃতীয় পর্বে ভোটগ্রহণকালে এ উপজেলায় তিনটি ব্যালটসহ মো. শান্ত মোল্লা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন সহকারী রির্টানিং অফিসার।
টুঙ্গিপাড়া উপজেলার মধুখালি, তারাইল, জিটি সরকারি উচ্চ বিদ্যালয়, পূর্ব গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর উচ্চ বিদ্যালয়, গোয়াধানা-সিলনা স্কুলসহ বিভিন্ন কেন্দ্রে এসব ঘটনা ঘটে।
তবে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে।
চর কুশলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র
শনিবার চর কুশলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৩টি ব্যালটসহ মো. শান্ত মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শান্ত ওই চরকুশলী গ্রামের রকিত মোল্লার ছেলে।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আজিজুল মোল্লা জানান, ৩টি ব্যলট নিয়ে কেন্দ্র এলাকায় ঘোরাফেরার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মধুখালি কেন্দ্র
দুপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সোলায়মান বিশ্বাসের একদল সমর্থক এ কেন্দ্রে ঢুকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গাজী গোলাম মোস্তফার এজেন্টদের বের করে দেয়।
এরপর প্রিজাইডিং অফিসারের সহায়তায় সিল দিয়ে ব্যালট পেপার বাক্সে ফেলে এবং এতে বাধা দেয়ায় গোলাম মোস্তফার সমর্থক রফিকুল ইসলাম ও দিদারুল ইসলামকে পেটায় বলে অভিযোগ পাওয়া গেছে।
চেয়ারম্যান প্রার্থী রওশন আরার এজেন্ট মো. রাসেল বলেন, “বুথ থেকে সোলায়মানের লোকজন আমাদের একটি রুমে আটক করে সবার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়।
“তারপর প্রিজাইডিং অফিসার আবু সাঈদের সহযোগিতায় সোলায়মানের ভাই কালু বিশ্বাস ব্যালট ছিনিয়ে নিয়ে সিল দেয়।”
ব্যালটে সিল দেয়ার কথা স্বীকার করে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আবু সাঈদ জানিয়েছেন, সোলায়মান বিশ্বাসের লোকজন কেন্দ্রে ঢুকে মোবাইল কেড়ে নিয়ে জোর করে ৪শ’ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল দেয়।
“এ সময় আমি পুলিশের সহায়তা চাইলেও তার আমাদের সাহায্য করেনি।”
ওই কেন্দ্রে কর্তব্যরত পুলিশের এএসআই বাদশা বলেন, “প্রিজাইডিং অফিসারের সহায়তায় তারা এ কাজ করেছে।
“এ সময় সোলায়মান বিশ্বাসের লোকজন কেন্দ্রে হানা দিলে আমরা সামাল দিতে ব্যর্থ হয়ে পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তাদের জানাই।”
তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র
বেলা ২টার দিকে সোলায়মান বিশ্বাসের সমর্থকরা একই কায়দায় এ কেন্দ্রে সিল দিয়ে বাক্সে ব্যালট ঢুকিয়ে চলে যাওয়ার সময় তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মঞ্জুরুল হকের সামনে পড়েন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই ভোট বাতিল করার সিদ্ধান্ত দেন।
এ খবর পেয়ে বিক্ষুব্ধরা ভোটকেন্দ্রে তালা দিয়ে ম্যাজিস্ট্রেটসহ কেন্দ্রে কর্মরতদের অবরুদ্ধ করে রাখে।
বিক্ষুব্ধরা ম্যাজিস্ট্রেটের গাড়িও ভাংচুর করে রাস্তার পাশের খাদে উল্টে ফেলে দেয়।
তারা ভোটকেন্দ্রে ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
খবর পেয়ে বিকাল ৪টার দিকে সেনা বাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠি চার্জ করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে অবরুদ্ধ ম্যাজিস্ট্রেটকে তালা ভেঙে সেখান থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট এমএম মঞ্জুরুল হক বলেন, “ব্যালট ছিনিয়ে নিয়ে জোর করে সিল দেয়া ভোটে ব্যালটের গোল সিল নেই। এ কারণে ওই ভোট বাতিল করা হবে।”
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আজিজুল ইসলাম জানান, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সোলায়মানের ভাই কালু বিশ্বাস তার কাছ থেকে ২শ’ এবং প্রতি বুথের সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট নিয়ে সিল দিয়ে বাক্সে ফেলে চলে যায়।
তারপরই স্থানীয়রা উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটায়।
বালাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র
পুলিশের এসআই শাহ আলম জানিয়েছেন, বিকাল পৌনে ৪টার দিকে বালাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাইকালে পুলিশ ছিনতাইকারীদের উপর ১৩ রাউন্ড গুলি বর্ষণ করে।
এতে ব্যালটবাক্স ছিনতাইকারী আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক শ্রীধাম বালা গুলিবিদ্ধ হন।
পরে বিজিবি, সেনা সদস্য, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গিমাডাঙ্গা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র
এর আগে গিমাডাঙ্গা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ওই কেন্দ্রে ব্যালটবক্স ছিনতাইয়ের ঘটনায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে সহকারী রির্টানিং অফিসার মো. রুহুল আমিন জানিয়েছেন।
এছাড়া গোপালপুর উচ্চা বিদ্যালয়, গোয়াধানা ছিলনা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গোপালপুর ইউপির চেয়ারম্যান লাল বাহাদুর বিশ্বাস লালু বলেন, ভোটকেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে।
গোপালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার হরিচাঁদ মন্ডল জানিয়েছেন, গোয়াধানা-ছিলনা কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করা নিয়ে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
এদের ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
