কুমিল্লার ২ উপজেলায় নির্বাচন বর্জন, হরতালের ডাক
নির্বাচনের তৃতীয় পর্বে কুমিল্লার ছয়টির মদ্যে দুটি উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা হরতালের ডাক দিয়েছে।
এই দুই উপজেলা হচ্ছে রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিবের সংসদীয় আসন চৌদ্দগ্রাম উপজেলা ও পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামালের(লোটাস কামাল) সংসদীয় আসন নাঙ্গলকোট উপজেলা।
শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, তিতাস ও হোমনায় উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলা রির্টানিং কর্মকর্তা রাশিদুল ইসলাম জানান, চৌদ্দগ্রামের ২টি ও নাঙ্গলকোটের ৫টি ভোট কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলায় দুপুর সাড়ে ১২টায় বিএনপি কার্যালয়ে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হুদা সংবাদ সম্মেলনে দাবি করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ১০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৭০টিই দখল করে নিয়েছে।
এসব কেন্দ্রে নির্বাচন স্থগিত করে পুনঃনির্বাচন দাবি করেন তিনি।
কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, পুলিশি হামলার প্রতিবাদে রোববার চৌদ্দগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় ১৯ দলীয় জোট।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ উপস্থিত ছিলেন।
নাঙ্গলকোট উপজেলা
কেন্দ্র দখল ও পুলিশি হয়রানির অভিযোগ এনে এ উপজেলার নির্বাচন বর্জন করে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. নজির আহমেদ বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে রোববার নাঙ্গলকোটে আধাবেলা হরতালের ঘোষণা দেন।
