বরিশালে ব্যালট বাতিল, ফাঁকা গুলি
বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারে অবৈধভাবে সিল দেয়ায় ১৫০টি ব্যালট পেপার বাতিল করেছে প্রিজাইডিং অফিসার।
অপর একটি কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার করলে পুলিশ ফাঁকা গুলি করে।
পুলিশের গুলিতে আফতাব রাঢ়ী নামে এক কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।
তৃতীয় পর্বের উপজেলা পরিষদ নির্বাচনে শনিবার বেলা ১২টার দিকে উপজেলার মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং দুপুর ১টার দিকে আরজিকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসব ঘটনা ঘটে।
মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শহিদুল ইসলাম জানান, বহিরাগত একদল যুবক অবৈধভাবে ভোটকেন্দ্রে ঢুকে ১৫০টি ব্যালটে সিল দেয়।
তারা ব্যালটগুলো বাক্সে ঢোকানোর চেষ্টা করলে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সহায়তায় সেগুলো উদ্ধার করা হয়।
তবে কেউ আটক হয়নি।
অবৈধভাবে সিল দেয়া ১৫০টি ব্যালট বাতিল করা হয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার।
অপর দিকে আরজিকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাবিবুর রহমান জানান, প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা কালে পুলিশ ১৪ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
কোন প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করেছে তা জানাতে পারেননি হাবিবুর রহমান।
তবে আওয়ামী লীগের বিদ্রোহী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারজানা বিনতে ওহাব দাবি করেন পুলিশের গুলিতে তার এক কর্মী আহত হয়েছেন।
এ ব্যাপারে বরিশালের রিটার্নিং অফিসার দুলাল তালুকদার জানান, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
যেখানেই বিশৃঙ্খলার খবর পাওয়া যাচ্ছে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছেন।
