নড়িয়ায় ব্যালট ছিনতাই, গুলিতে এজেন্ট নিহত
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ভোট গ্রহণকালে ব্যালট ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে এক প্রার্থীর নির্বাচনী এজেন্ট নিহত হয়েছেন।
শনিবার ভূমখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনায় নিহত হন ভূমখাড়া গ্রামের মনসুর মাঝির ছেলে রিপন মাঝি (৩০)।
তিনি চেয়াম্যানে পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ কে এম ইসমাইল হকের নির্বাচনী এজেন্ট ছিলেন বলে পুলিশ ও স্বজনরা জানিয়েছে।
সংঘর্ষে অন্তত ১০ জন আহত হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ।শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার এহসান শাহ্ জানান, ভূমখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে বেলা সাড়ে ৩টার দিকে ২০-৩০ জন যুবক ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালায়।
এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে পুলিশ গুলি ছুড়লে ভূমখাড়া গ্রামের মনসুর মাঝির ছেলে রিপন মাঝি গুলিবিদ্ধ হয়। শরীয়তপুর সদর হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
পুলিশ ১৮ রাউন্ড গুলি ছোড়ে। পরে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রায় ২০ মিনিট বন্ধ থাকার পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয় বলে তিনি জানান।
ভূমখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নরেন্দ্রনাথ মৈত্র বলেন, ব্যালটবাক্স ছিনতাই করে নিয়ে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় ছিনতাইকারীরা পুলিশের উপর পাল্টা আক্রমণ করে।
নিহত রিপন মাঝির বোন তারা বানু বলেন, “আমার ভাই নির্বাচনে এ কে এম ইসমাইল হকের এজেন্ট ছিল। দুপুরে খাবার খেয়ে কেন্দ্রে যাওয়ার সময় মারামারি হয়। এ সময় পুলিশের গুলিতে তার মৃত্যু হয়।”
