২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ৫ উপজেলায় বিপাকে আ. লীগ

আগামী ১৫ মার্চ অনুষ্ঠেয় তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের ছয়টির মধ্যে পাঁচ উপজেলায় বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিপাকে পড়েছে আওয়ামী লীগ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 11:32 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

গত ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা নির্বাচনে এ জেলার তিন উপজেলার মধ্যে দুটি হাতছাড়া হয়, বিদ্রোহী প্রার্থী যার কারণ বলে ধারণা করা হচ্ছে।

বোয়ালমারী উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী না থাকায় সেখানে জয়লাভ করে দলের সমর্থিত প্রার্থী।

তৃতীয় দফা নির্বাচনে মধুখালীতে রয়েছে দলের একক  প্রার্থী। এছাড়া পাচঁটি উপজেলাতে একাধিক চেয়ারম্যান প্রার্থী রয়েছে দলটির।

ফরিদপুর সদর, সদরপুর, চরভদ্রাসন, ভাঙ্গা ও আলফাডাঙ্গায় আওয়ামী লীগ সমর্থিত পাচঁ চেয়ারম্যান পদপ্রার্থীর বিপরীতে রয়েছেন আটজন বিদ্রোহী প্রার্থী।

সবচেয়ে বেশি বিদ্রেহী প্রার্থী রয়েছেন আলফাডাঙ্গায়। সেখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হলেন এম এম জালালউদ্দিন আহম্মেদ। বিদ্রোহী প্রার্থীরা হলেন নুরুল হাচান মিয়া, শেখ কোবাদ হোসেন, মিজানুর রহমান ও আকরামুজ্জামান ।

সদরে দল সমর্থিত প্রার্থী প্রবাসী কল্যাণ মন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবর। বিদ্রোহী প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক হাসিবুল হাসান লাবলুর স্ত্রী ঝর্ণা হাসান।

ভাঙ্গায় দলের সমর্থিত প্রার্থী জাকির হোসেনের সঙ্গে লড়াই হচ্ছে বিদ্রোহী প্রার্থী শাহাদাৎ হোসেনের।

সদরপুরে আওয়ামী লীগের একাংশের প্রার্থী কাজী শফিকুর রহমানের সঙ্গে অপর অংশের এইচ এম শায়েদীদ গামাল লিপু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

চরভদ্রাসন উপজেলার আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হাফেজ কাউছারের সঙ্গে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন বিদ্রোহী প্রার্থী মো. মোশাররফ হোসেন মুসার।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদিন বলেন, দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছেন তাদের দায়-দায়িত্ব আওয়ামী লীগের নয়।

দল যে সকল প্রার্থীকে সমর্থন দিয়েছে তাদের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করছেন।