২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াশে আ.লীগ সমর্থিতরা জয়ী, বিএনপির বর্জন

২৭ ফেব্রুয়ারির উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশে স্থগিত একটি কেন্দ্রের ভোটে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা তিনটি পদেই জয়ী হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 07:45 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

সোমবার ‍সগুনা ইউনিয়নের বিন্যাবাড়ি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও তাড়াশের ইউএনও শরীফ রায়হান কবীর জানান, মোট ৫৭টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে চেয়ারম্যান পদে আব্দুল হক, ভাইস চেয়ারম্যান পদে ফরহাদ হোসেন বিদ্যুৎ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম মিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

চূড়ান্ত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল হক দোয়াত কলম প্রতীক নিয়ে ৪৯ হাজার ৩১২ ভোট এবং তার নিকটতম বিএনপি সমর্থিত খন্দকার সেলিম জাহাঙ্গীর ৪৭ হাজার ৭০১ ভোট পেয়েছেন।

স্থগিত কেন্দ্রের ২৯৩৪ জন ভোটারের মধ্যে পুনরায় ভোটগ্রহণের দিন ১৬৮৯ জন ভোট দেন। এরমধ্যে আব্দুল হক পেয়েছেন ১৩০৮ ভোট এবং বিএনপি সমর্থিত খন্দকার সেলিম জাহাঙ্গীর পেয়েছেন ৩৬১ ভোট।

এদিকে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেয়া ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার সেলিম জাহাঙ্গীর।