২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফকিরহাটে নির্বাচনে সংঘর্ষ: ম্যাজিস্ট্রেটের মামলা

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বৃহস্পতিবার নির্বাচন চলাকালে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 10:56 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বৃহস্পতিবার রাতেই ফকিরহাট থানায় মামলাটি করেন বলে পুলিশ জানায়।

ফকিরহাট থানার ওসি এস এম আনোয়ার হোসেন জানান, মামলার এজাহারে সরকারি কাজে বাধা দানের অভিযোগ আনা হয়েছে। আসামিদের পুলিশ গ্রেপ্তার করার চেষ্টা করছে।

মামলায় চেয়ারম্যান পদপ্রার্থী সরদার নিয়ামত হোসেন, তার সমর্থক আসাদুজ্জামান জামাল ও হারুন মল্লিকের নাম উল্লেখসহ দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে বলেও জানান তিনি।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. শুকুর আলী বলেন, “আমরা সম্পূর্ণ ঘটনাটি তদন্ত করে দেখব। ম্যাজিস্ট্রেট বা প্রার্থী যেই দোষী সাব্যস্ত হবেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান এই মামলা করার নিন্দা জানিয়ে বলেন, “ওই ম্যাজিস্ট্রেট যে নিকৃষ্ট ঘটনা ঘটিয়েছেন তারপর আমাদেরই উচিত ছিল তার বিরুদ্ধে মামলা করা।

কিন্তু জেলা প্রশাসকের আশ্বাসে আমরা তা করিনি। এখন মনে হচ্ছে প্রশাসন তাদের সহযোগীকে বাঁচানোর চেষ্টা করে অন্যায়ের পক্ষ নিচ্ছে।”

বৃহস্পতিবার নির্বাচন চলাকালে উপজেলার সাতসিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিজিবি ও স্থানীয় ভোটারদের সংঘর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী, নির্বাহী হাকিম ও বিজিবি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।

এসময় বিক্ষুব্ধ গ্রামবাসী ভোট কেন্দ্রে হামলা চালিয়ে দুটি ব্যালট বাক্স পুড়িয়ে দেয়। পরে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।