সরকারি কর্মকর্তাদের মিমকয়েন তৈরি নিষিদ্ধ করল ক্যালিফোর্নিয়া
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রকাশিত মিমকয়েন কিনে প্রায় দশ লাখ বিনিয়োগকারী ৩৮০ কোটি ডলার লোকসানের মুখে পড়েছেন এমন খবরের পর এ পদক্ষেপ নিয়েছে অঙ্গরাজ্যটি।
নির্বাচিত পদধারীরা যেন ব্যক্তিগত লাভের জন্য ক্রিপ্টোকারেন্সি বা মিমকয়েন ব্যবহার করতে না পারেন সেজন্য নতুন আইনে স্বাক্ষর করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।
এ নতুন আইনের ফলে অঙ্গরাজ্যটির সরকারি কর্মকর্তারা অনলাইনে প্রচলিত কোনো মিম, ট্রেন্ড বা সেলিব্রিটির ওপর ভিত্তি করে তৈরি ক্রিপ্টোকারেন্সি বা ‘মিমকয়েন’ ইস্যু করতে পারবেন না।
নতুন নিয়ম চালুর কারণ হিসেবে গভর্নরের কার্যালয় বলেছে, ২০২৫ সালে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রকাশিত মিমকয়েন কিনে প্রায় দশ লাখ বিনিয়োগকারী আনুমানিক ৩৮০ কোটি ডলার লোকসানের মুখে পড়েছেন এমন খবরের পরই এ পদক্ষেপ নিয়েছে তারা।
গভর্নর নিউসম বলেছেন, “কোনো কর্মকর্তারই নিজ পদের অপব্যবহার করে লাভবান হওয়া উচিত নয়। আর আমাদের অঙ্গরাজ্যে যেন তা না ঘটে সেজন্য আমরা আরও কঠোর সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করছি।”
এ বিলে নিষিদ্ধ করা হয়েছে, কোনো কোম্পানি তা সম্পর্কিত হোক বা না হোক কোনো সরকারি কর্মকর্তার ‘চেহারা বা প্রতিকৃতি’ ব্যবহার করে কোনো মিমকয়েন তৈরি করা যাবে না।
গভর্নরের সাম্প্রতিক অন্যান্য আইনি পদক্ষেপের মধ্যে রয়েছে ক্রিপ্টো প্রতারণার শিকার ব্যক্তিদের অর্থ ফেরত পেতে সহায়তার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া তৈরি ও বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় অপরাধী নেটওয়ার্ক থেকে ক্রিপ্টো সম্পদ বাজেয়াপ্ত করার পদ্ধতি প্রণয়ন করা।
এ ছাড়াও, নিউসম আরও কিছু বিলে স্বাক্ষর করেছেন।
এর মধ্যে রয়েছে ভুয়া টিকিট বা ‘গাউস্ট টিকেট’ বিক্রির অপব্যবহার রোধ, লাভের উদ্দেশ্যে অনলাইন রিজার্ভেশন সিস্টেমের অপব্যবহার ঠেকানো ও স্বাস্থ্যসেবা সম্পর্কিত বেশ কিছু নতুন নীতিমালা।
