০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ষড়যন্ত্র তাত্ত্বিক অ্যালেক্স জোনসকে এক্স-এ ফেরাচ্ছেন মাস্ক

যুক্তরাষ্ট্রের স্যান্ডি হুক-এ এক স্কুলে ঘটা গোলাগুলি ছিল যুক্তরাষ্ট্র থেকে বন্দুক জব্দ করার উদ্দেশ্যে মার্কিন সরকারের সাজানো নাটক-এমন তত্ত্ব প্রচার করেছিলেন জোনস।

ষড়যন্ত্র তাত্ত্বিক অ্যালেক্স জোনসকে এক্স-এ ফেরাচ্ছেন মাস্ক

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2023, 05:00 PM

Updated : 10 Dec 2023, 05:00 PM

নিষিদ্ধঘোষিত মার্কিন ষড়যন্ত্র তাত্ত্বিক অ্যালেক্স জোনসকে এক্স-এ ফিরিয়ে আনা হবে – এমনই বলেছেন সামাজিক মাধ্যমটির মালিক ইলন মাস্ক।

রোববার এ ঘোষণা দেওয়ার আগে শনিবার নিজের অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিয়ে জরিপ চালান মাস্ক, যেখানে ভোট পড়েছে প্রায় ২০ লাখ। এর মধ্যে প্রায় ৭০ শতাংশ অংশগ্রহণকারীই জোনসকে ফেরানোর পক্ষে ভোট দেন।

“জনগণ যা বলেছে, তাই হবে।” – শনিবারের জরিপে দেওয়া রিপ্লাই’তে উল্লেখ করেন মাস্ক।

রোববারের শুরুতে জোনসের অ্যাকাউন্ট এক্স-এ ফিরে এসেছে কি না, সে বিষয়টি তাৎক্ষণিক যাচাই করতে পারেনি রয়টার্স।

মাস্কের টুইটার অধিগ্রহণের পর থেকেই প্ল্যাটফর্মে বেশ কিছু নিষিদ্ধঘোষিত অ্যাকাউন্ট ফেরানো হয়েছে। এর মধ্যে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও।

২০১৮ সালে জোনস ও তার ওয়েবসাইট ‘ইনফোওয়ার্স’-এর অ্যাকাউন্টে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছিল টুইটার (বর্তমানে এক্স)। সে সময় এর কারণ হিসেবে কোম্পানিটি উল্লেখ করে, অ্যাকাউন্টগুলো প্ল্যাটফর্মের আচরণবিধি লঙ্ঘন করেছে।

টুইটার নিষেধাজ্ঞার কয়েক সপ্তাহ আগেই নিজেদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনকে কারণ হিসেবে দেখিয়ে জোনসের বিভিন্ন পডকাস্ট ও চ্যানেল সরিয়ে নিয়েছিল অ্যাপল, ইউটিউব ও ফেইসবুক।

২০১২ সালের ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের স্যান্ডি হুক-এ এক স্কুলে ঘটে যাওয়া গোলাগুলি নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রতত্ত্ব প্রচার করেছিলেন জোনস, যেখানে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র থেকে বন্দুক জব্দ করার উদ্দেশ্যে মার্কিন সরকারের সাজানো নাটক ছিল এটি। পাশাপাশি, ভুক্তভোগীদেরকে অভিনেতা বলেও দাবি করেন জোনস। এর ক্ষতিপূরণ হিসেবে গত বছর ভুক্তভোগীদের স্বজনদেরকে প্রায় দেড়শ কোটি ডলার জরিমানা দেওয়ার রায় এসেছে জোনসের বিরুদ্ধে।