২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্ক কি নিজের নামও পাল্টে ফেলবেন?

টুইটারের মালিকানা হাতে আসার পর চলতি বছর নাম পাল্টে ‘এক্স’ রাখেন ইলন মাস্ক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 10:18 AM

Updated : 14 Jan 2024, 11:11 AM

টেসলার প্রতিষ্ঠাতা এবং মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্স এর মালিক ইলন মাস্কের একটি পোস্ট সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি লিখেছেন, ‘নোবডি- এটা আমার নাম’।

মাস্ক ঠিক কারণে এমন পোস্ট দিয়েছেন, সেটা নিশ্চিত না হলেও ইতোমধ্যে অনেকে তাকে ‘নোবডি’ বলে ডাকতে শুরু করেছেন।

মঙ্গলবার সকালে ওই পোস্ট করার পর পাঁচ ঘণ্টায় ১ কোটির বেশি ভিউ হয়। তার পোস্টে রসিকতা করে কেউ জানতে চেয়েছেন, মাস্ক ‘ঠিক আছেন’ কিনা। একজন লিখেন, ‘হাই নোবডি’; আরেকজন লিখেন, ‘ভাই তুমি ঠিক আছ?’

এক্সে আরও এক ব্যবহারকারী লিখেছেন, “ইলন যখন কোনো পোস্ট করেন, বিশ্বজুড়ে লাখ লাখ ফোন টুংটাং বেজে ওঠে। লোকজন এর প্রতিক্রিয়া জানাতে এবং তার দৃষ্টি আর্কষণে ওই পোস্টে হুমড়ি খেয়ে পড়েন।”

রসিকতা করে মাস্কের ‘নোবডি’ নামের বদলে একজন লিখেন, ‘এভরিবডি- এটা আমার নাম’।

সামাজিক যোগাযোগের যে মাধ্যমকে ১৭ বছর ধরে মানুষ টুইটার নামে চিনে আসছিল, তার মালিকানা হাতে আসার পর চলতি বছর নাম পাল্টে ‘এক্স’ রাখেন ইলন মাস্ক। বদলে যায় টুইটারের চিরচেনা নীল পাখির লোগোও।

কর্মী ছাঁটাই থেকে শুরু করে জনপ্রিয় এই অ্যাপের অনেক কিছু পাল্টে ফেলেছেন মহাকাশ গবেষণা কোম্পানি স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা মাস্ক। ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেস্ক ও ফোর্বসের জরিপে তিনি বিশ্বের শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ ২৩ হাজার ৬০০ কোটি ডলার। সংবাদসূত্র: এনডিটিভি

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)