বৈশ্বিক বিভ্রাটের পর অনলাইনে ফিরেছে এক্স
বিভ্রাট শুরুর পর বিভিন্ন পোস্ট দেখার বদলে ‘ওয়েলকাম টু এক্স!’ লেখা এক বার্তা পেয়েছেন ইলন মাস্ক মালিকানাধীন সামাজিক মাধ্যমটির ব্যবহারকারীরা।
বৈশ্বিকভাবে বিভ্রাটের মুখে পড়া সামাজিক মাধ্যম এক্স পুনরায় ফিরেছে অনলাইনে।
এর সূত্রপাত ঘটে বৃহস্পতিবারের শুরুতে, যেখানে বিভ্রাটের মুখে পড়ার অভিযোগ জানান ৭৭ হাজার মার্কিন ব্যবহারকারী।
এ ছাড়া, এর আগে ‘টুইটডেক’ নামে পরিচিতি পাওয়া আর্থিক ড্যাশবোর্ড ‘এক্স প্রো’ ও এক্স-এ প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও অন্যান্য দেশের ব্যবহারকারীরাও।
বিভিন্ন অনলাইন সাইটের বিভ্রাট নির্ণায়ক হিসেবে পরিচিত ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুসারে, সামাজিক মাধ্যমে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখে পড়ার অভিযোগ তুলেছেন সাত হাজারের বেশি কানাডীয় ও ব্রিটিশ ব্যবহারকারী।
বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হওয়া এ বিভ্রাটের সম্ভাব্য কারণ এখনও জানা সম্ভব হয়নি। এ ছাড়া, এক্স-এর যোগাযোগ ও সাপোর্ট টিমকে রয়টার্সের পাঠানো ইমেল বার্তারও কোনো জবাব মেলেনি।
বিভ্রাট শুরুর পর বিভিন্ন পোস্ট দেখার বদলে ‘ওয়েলকাম টু এক্স!’ লেখা এক বার্তা পেয়েছেন ইলন মাস্ক মালিকানাধীন সামাজিক মাধ্যমটির ব্যবহারকারীরা। আর এক্স প্রো’র ব্যবহারকারীদের বার্তায় লেখা ছিল ‘ওয়েইটিং ফর পোস্টস’।
২০২২ সালের অক্টোবরে চার হাজার চারশ কোটি ডলারে মাস্কের টুইটার অধিগ্রহণের পর থেকেই বেশ কিছু সমস্যার মুখে পড়েছে কোম্পানিটি। এর মধ্যে রয়েছে কর্মী ছাঁটাইয়ের বিষয়টিও। এর আগে এক সূত্র রয়টার্সকে বলেছে, পরিষেবার বিভ্রাট নিয়ে কাজ করা অসংখ্য প্রকৌশলী কোম্পানির ছাঁটাই করা কর্মী তালিকায় ছিলেন।
এদিকে, এক্স-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিতি পাওয়া মেটা মালিকানাধীন অ্যাপ থ্রেডসেও এ বিভ্রাট নিয়ে কথা বলেছেন ব্যবহারকারীরা, যেখানে তারা অভিযোগ করেন, এক্স-এর বিভিন্ন পোস্ট, রিপ্লাই ও প্রোফাইলে প্রবেশ করা যাচ্ছে না।
