১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার এক্স থেকে ব্লক ব্যবস্থাই তুলে দিচ্ছেন মাস্ক

এক্স থেকে ব্লক ফিচার উঠিয়ে দেওয়া বা সীমিত করার সিদ্ধান্ত অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগলের প্লে স্টোরের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

এবার এক্স থেকে ব্লক ব্যবস্থাই তুলে দিচ্ছেন মাস্ক

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 05:26 PM

Updated : 20 Aug 2023, 05:26 PM

এবার এক্স কিংবা সাবেক টুইটার নিয়ে আরও একটি বিতর্কিত সিদ্ধান্ত নিলেন ইলন মাস্ক, গত বছর কেনা তার এই প্লাটফর্মটি থেকে কোনো অ্যাকাউন্ট ব্লক করার ফিচার বাতিলের ঘোষণা দেন তিনি।

“ফিচার হিসাবে ব্লক আর থাকবে না, তবে ডিএম (ডাইরেক্ট মেসেজিং)-য়ে তা আগের মতোই থাকবে।” একটি এক্স পোস্টে বলেন মাস্ক। তবে এক্স-এ আগের মতোই মিউট করার সুবিধা থাকবে, বলেন তিনি।

প্ল্যাটফর্মটির বিলিওনেয়ার এই মালিক নিজেকে মত প্রকাশের চূড়ান্ত সমর্থক বলে দাবি করলেও কিছু সমালোচক বলেছেন তার কর্মকাণ্ড ‘দায়িত্বজ্ঞানহীন’। মাস্কের হাতে যাওয়ার পর থেকে প্ল্যাটফর্মটিতে ঘৃণামূলক বক্তব্য এবং ইহুদি বিদ্বেষ বেড়ে গেছে এবং কোম্পানিটির কন্টেন্ট মডারেশন অপর্যাপ্ত বলে অভিযোগ করেছে বিভিন্ন দেশের সরকার।

এক্স থেকে ব্লক ফিচার উঠিয়ে দেওয়া বা সীমিত করার সিদ্ধান্ত অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগলের প্লে স্টোরের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে, বলেছে রয়টার্স।

গ্রাহক সৃষ্ট কন্টেন্টে অবশ্যই নিপীড়ক ব্যবহারকারীদের ব্লক করার সুযোগ থাকতে হবে, বলেছে অ্যাপল। গ্রাহকসৃষ্ট কন্টেন্ট এবং ব্যবহারকারীদের ব্লক করার সুযোগ, অ্যাপেই থাকতে হবে, বলেছে গুগল প্লে স্টোর।

এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি এক্স, গুগল কিংবা অ্যাপল।

মাস্কের সিদ্ধান্তের ব্যাপারে একটি পোস্টে নিপীড়ন বিরোধী অধিকার কর্মী মনিকা লুইনস্কি “অনলাইনে মানুষকে নিরাপত্তা দেওয়া এই জরুরী টুলটি” রাখতে এক্সকে অনুরোধ করেছেন।

তার জবাবে কোম্পানিটির সিইও লিন্ডা ইয়াকারিনো, মাস্ককে সমর্থন করে বলেন “গ্রাহকদের নিরাপত্তাই এক্স-এর সর্বাধিক অগ্রাধিকার। বর্তমানের ব্লক এবং  মিউটের চেয়েও আরও ভালো কিছু আমরা বানাতে যাচ্ছি। দয়া করে ফিডব্যাকগুলোকে আসতে দিন।”

পণ্য এবং প্রকৌশল দলকে নেতৃত্ব দেবেন মাস্ক এবং আইন বিষয়ক এবং বিপণনসহ অন্যান্য দলগুলোকে নেতৃত্ব দেবেন ইয়াকারিনো, বলেছে কোম্পানিটি।