২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

এআই এজেন্টদের নিয়ন্ত্রণে নতুন প্ল্যাটফর্ম আনল এনভিডিয়া

জুলাইয়ে ওপেনএআইয়ের যে হাগিং ফেইস সংক্রান্ত ঘটনা ঘটেছিল তাদের এ নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে তা ঠেকানো যেত বলে দাবি করেছে এনভিডিয়া।

এআই এজেন্টদের নিয়ন্ত্রণে নতুন প্ল্যাটফর্ম আনল এনভিডিয়া

হুয়াং বলেছেন, নিরাপত্তার অনেক উদ্বেগের বিষয়ই প্রকৌশলগত সমস্যা, যা কম্পিউটার বিজ্ঞান ও পণ্য উন্নয়নের মাধ্যমে সমাধান করা সম্ভব। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 05:37 PM

Updated : 29 Sep 2026, 05:37 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টদের সুরক্ষা নিশ্চিত ও এদের নিয়ন্ত্রণহীন হয়ে পড়া ঠেকাতে নতুন সফটওয়্যার প্ল্যাটফর্ম এনেছে মার্কিন চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়া।

সোমবার ‘ওপেন এজেন্ট সেইফটি প্ল্যাটফর্ম’ নামের সফটওয়্যার প্ল্যাটফর্মটি উন্মুক্ত করেছে এনভিডিয়া, যার মাধ্যমে ডেভেলপাররা এআই এজেন্টদের জন্য নির্দিষ্ট নিরাপত্তা বলয় বা সেইফগার্ড তৈরি করতে পারবেন।

এর আগে, ওপেনএআই, অ্যানথ্রপিক, মেটা ও গুগলের মতো শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানি তাদের এআই মডেলের নিরাপত্তা বেষ্টনী ভেঙে বের হয়ে যাওয়া ও অন্যান্য কোম্পানির সিস্টেমে হ্যাকিংয়ের চেষ্টা চালানোর মতো বেশ কিছু ঘটনার কথা প্রকাশ করেছিল।

রোববার এনভিডিয়ার একজন প্রতিনিধি বলেছেন, জুলাইয়ে ওপেনএআইয়ের যে হাগিং ফেইস সংক্রান্ত ঘটনা ঘটেছিল তাদের এ নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে তা ঠেকানো যেত।

ওই সময় ওপেনএআইয়ের বিভিন্ন এআই মডেল নিরাপত্তা বেষ্টনী ভেদ করে উন্মুক্ত ইন্টারনেটে চলে যায় ও ওপেন সোর্স ডেভেলপার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ‘হাগিং ফেইস’-এর সিস্টেমে অনধিকার প্রবেশ করে।

বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এনভিডিয়ার এন্টারপ্রাইজ এআই বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাস্টিন বোইটানো বলেছেন, “প্রতিটি সুরক্ষাজনিত ঘটনাই আলাদা ও আমাদের প্রতিটি ঘটনা গভীরভাবে খতিয়ে দেখতে হবে।

“আমাদের কাছে থাকা তথ্য অনুসারে, হাগিং ফেইস বলেছিল, তাদের অবকাঠামোতে ১৭ হাজারেরও বেশি এআই এজেন্ট হামলা চালিয়েছিল ও এ আক্রমণ বেশ কিছুদিন ধরে অব্যাহত ছিল।”

প্রায় চার বছর আগে চ্যাটজিপিটি চালুর পর থেকেই জেনারেটিভ এআইয়ের রমরমা বাজারের কেন্দ্রবিন্দুতে রয়েছে এনভিডিয়া। কারণ, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম ও বড় কোম্পানিদের দেওয়া এআই সেবার বিকাশের জন্য এ চিপ নির্মাতা কোম্পানিটির গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ জরুরি।

সাম্প্রতিক সময়ে এআই নিরাপত্তা বিতর্কে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে হাজির হয়েছেন। তার ভাষ্য, নিরাপত্তার অনেক উদ্বেগের বিষয়ই প্রকৌশলগত সমস্যা, যা কম্পিউটার বিজ্ঞান ও পণ্য উন্নয়নের মাধ্যমে সমাধান করা সম্ভব।

নিউ ইয়র্ক টাইমসের এজরা ক্লেইনের সঙ্গে এক পডকাস্টে সাম্প্রতিক এসব ঘটনার কথা উল্লেখ করে হুয়াং বলেছেন, “আপনাকে ভাবতে হবে যে আপনি কী করতে পারতেন ও এর সমাধানই বা কী। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য আপনার প্রক্রিয়া আরও উন্নত করুন।”

এর দুই সপ্তাহ আগে অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই এআই মডেলগুলোর নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় এর উন্নতির গতি কমিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে শিল্প মহলে রীতিমতো ঝড় তুলেছেন।

ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান ও স্পেসএক্সের ইলন মাস্কও তার এই যুক্তির সঙ্গে একমত পোষণ করেন।

এদিকে, এনভিডিয়ার নতুন উদ্যোগটি এআই এজেন্ট সুরক্ষার সমস্যার একটি প্রকৌশলগত সমাধান বলে উল্লেখ করেছেন বোইটানো।

“সাম্প্রতিক ঘটনাগুলো এআই এজেন্টদের সামনে মৌলিক বাধা স্পষ্ট করে তুলেছে, যেখানে কেবল মডেল-লেভেলের সেইফগার্ড বা নিরাপত্তা সুরক্ষা দিয়ে এজেন্টরা কী অ্যাক্সেস করতে পারবে বা কী করতে পারবে তা নিয়ন্ত্রণ করা যায় না।”

এ প্ল্যাটফর্মের একটি অংশের নাম ‘এনভিডিয়া ওপেনশেল’, যা সেন্ট্রাল প্রসেসর বা সিপিইউ’তে কাজ ও এজেন্টদের সক্ষমতার ওপর নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেয়।

এ ছাড়া, এনভিডিয়া ‘সেন্ট্রি’ নামের আরেকটি উপাদানও ঘোষণা করেছে, যা সিপিইউ বা জিপিইউ’র বদলে নেটওয়ার্ক চিপে রান করে ও এজেন্টদের ওপর নজরদারি চালায়।

সফটওয়্যারটির কিছু অংশ ওপেন সোর্স বা উন্মুক্ত। এনভিডিয়া তাদের প্ল্যাটফর্মটিকে ‘রেফারেন্স ডিজাইন’ হিসেবে বর্ণনা করেছে। ফলে পার্টনাররা এর ওপর ভিত্তি করে নতুন পণ্য তৈরি করে বাজারে আনবে।

এনভিডিয়া নিজেদের পার্টনার হিসেবে সিসকো, মাইক্রোসফট, ওরাকল, কোরওয়েভ, ডেল, এইচপিই, লেনোভো, এআরএম ও ইনটেলের নাম প্রকাশ করেছে।

এ ছাড়া, ওপেনশেলের সঙ্গে ক্লাউড-ম্যানেজড এজেন্টগুলোকে একীভূত করতে অ্যানথ্রপিকের সঙ্গেও কাজ করছে এনভিডিয়া।