৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ফায়ারফক্সে নতুন ডিজাইন, ফিরল বহুল কাঙ্ক্ষিত ‘কম্প্যাক্ট মোড’

ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখেই কাস্টমাইজেশন বা নিজেদের পছন্দমতো সাজিয়ে নেওয়ার বিভিন্ন অপশন ডিজাইন করা হয়েছে।

ফায়ারফক্সে নতুন ডিজাইন, ফিরল বহুল কাঙ্ক্ষিত ‘কম্প্যাক্ট মোড’

নতুন এ সংস্করণে ওয়ালপেপারের অপশনসহ একটি থিম পিকার ও ‘নিউ ট্যাব’ স্ক্রিনে শর্টকাট সাজানোর সুবিধাও রাখা হয়েছে। ছবি: ফায়ারফক্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 08:23 PM

Updated : 30 Sep 2026, 08:23 PM

ডেস্কটপ ও মোবাইল ব্যবহারকারীদের জন্য ফায়ারফক্স ব্রাউজারে নতুন রূপ নিয়ে হাজির হয়েছে মজিলা।

সম্প্রতি ফায়ারফক্স ব্রাউজারের নতুন ডিজাইন সবার জন্য উন্মুক্ত হতে শুরু করেছে। তবে ব্রাউজারের এই নতুন চেহারা অনেকের কাছে নতুন মনে নাও হতে পারে।

কয়েক মাস ধরে পরীক্ষামূলক বা ‘নাইটলি’ সংস্করণের মাধ্যমে বিটা পরীক্ষকরা এটা ব্যবহারের সুযোগ পেয়েছিলেন বলে প্রতিদবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

মজিলা বলেছে, সাম্প্রতিক সময়ে ব্রাউজারে যোগ হওয়া বিভিন্ন ফিচারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফায়ারফক্সের থিম, আইকন ও রঙে আধুনিক ছোঁয়া এনেছে কোম্পানিটি।

যেমন, বিভিন্ন জেনারেটিভ এআই টুল এক ক্লিকেই বন্ধ করার সুবিধা সম্প্রতি যোগ হয়েছে।

এ নতুন ডিজাইনে ফায়ারফক্সে আরও কিছু দারুণ ফিচার যোগ করেছে, যার মধ্যে রয়েছে বহুল কাঙ্ক্ষিত ‘কম্প্যাক্ট মোড’-এর প্রত্যাবর্তন।

এ মোডের মাধ্যমে টুলবার ও ট্যাবগুলো স্ক্রিনের খুব কম জায়গা দখল করে। ফলে ব্যবহারকারীরা আরও বড় পরিসরে ওয়েবসাইট ব্রাউজ করার সুযোগ পান।

এ ছাড়া, নতুন এই সংস্করণে ওয়ালপেপারের অপশনসহ একটি থিম পিকার ও ‘নিউ ট্যাব’ স্ক্রিনে শর্টকাট সাজানোর সুবিধাও রাখা হয়েছে।

মজিলা বলেছে, ফায়ারফক্সের নতুন এ সংস্করণে বিভিন্ন প্রাইভেসি সেটিং খুঁজে পাওয়া এখন আরও সহজ হয়েছে। ব্রাউজারের পারফরম্যান্স বা গতিতেও কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে দাবি তাদের।

নতুন ফায়ারফক্সে ট্যাব গ্রুপ, স্প্লিট ভিউ ও ভার্টিকাল ট্যাব বা লম্বালম্বি ট্যাবগুলোর মতো বিভিন্ন ফিচারকে সরাসরি সামনে বা প্রধান ইন্টারফেইসে রাখা হয়নি।

তবে যারা দ্রুত এসব ফিচার ব্যবহার করতে চান তাদের হাতের কাছেই এগুলোর সহজ ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া, ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখেই কাস্টমাইজেশন বা নিজেদের পছন্দমতো সাজিয়ে নেওয়ার বিভিন্ন অপশন ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে মজিলা।