আইফোন ১৪: চীনের জায়গা কি নিতে পারবে ভারত?
“আমার ভারতীয় বন্ধুদের একজন আমাকে একবার বলেছিল, ভারত কখনোই একটা সুযোগ হাতছাড়া করার সুযোগ… হাতছাড়া করে না।”
সম্প্রতি ভারতে আইফোন ১৪ উৎপাদনের ঘোষণা দিয়েছে অ্যাপল। অ্যাপল পণ্যের উৎপাদন প্রক্রিয়ার পরিধি চীনের মূল ভূখণ্ডের বাইরে নেওয়ায় এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন আইফোনের পাঁচ শতাংশের উৎপাদন ভারতে শুরু হচ্ছে এ বছরেই – বাজার বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণীর চেয়েও দ্রুতগতিতে পাল্টাচ্ছে দৃশ্যপট।
২০২৫ সালের মধ্যে অ্যাপলের উৎপাদিত সকল আইফোনের ২৫ শতাংশ ভারত থেকে আসতে পারে বলে জানিয়েছেন বিনিয়োগ ব্যাংক জেপি মর্গানের বিশ্লেষকরা।
অ্যাপল ভারতের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্য তামিলনাড়ুতে আইফোন উৎপাদন করছে ২০১৭ থেকে।
কিন্তু বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের ভূরাজনৈতিক টানাপোড়েনের উত্তাপ প্রযুক্তি ও বাণিজ্য খাতে ছড়িয়ে পড়ায় অ্যাপলের ফ্ল্যাগশিপ পণ্যের উৎপাদন ভারতে সরিয়ে নেওয়ার ঘোষণা আলাদা গুরুত্ব পাচ্ছে বলে মন্তব্য করেছে বিবিসি।
এই সিদ্ধান্তের পেছনে চীনের ‘জিরো-কোভিড’ নীতিমালার প্রভাবও রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি। হার্ডওয়্যার উৎপাদনের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এতোদিন চীনের ওপর নির্ভরশীল থাকলেও, মহামারী ও মহামারী পরবর্তী সময়ে নির্দিষ্ট একটি উৎসের ওপর নির্ভরশীলতার নেতিবাচক দিকগুলো নিয়ে তেতো অভিজ্ঞতা হয়েছে কোম্পানিগুলোর।
তাই উৎপাদনের মূল উৎসে বৈচিত্র্য এনে ঝুঁকি কিছুটা হলেও কমানোর চেষ্টা করছে কোম্পানিগুলো।
‘চায়না প্লাস ওয়ান’
মহামারী মোকাবেলায় কঠোরভাবে লকডাউন আরোপ করেছিল চীন। এতে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা থমকে যাওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোই।
এর ফলে আন্তর্জাতিক অঙ্গনের প্রতিষ্ঠানগুলো এখন উৎপাদনের জন্য ‘চায়না প্লাস ওয়ান’ কৌশলের দিকে ঝুঁকছে বলে জানিয়েছে বিবিসি। উৎপাদন প্রক্রিয়ার জন্য কেবল চীনের ওপর নির্ভর না করে বিকল্প হিসেবে একাধিক বিকল্প উৎস রাখতে চাইছে কোম্পানিগুলো; নতুন করে সাজানো হচ্ছে পণ্য ও উৎপাদন রসদের সরবরাহ ব্যবস্থা।
“রসদের চাহিদা মেটাতে একটি উৎসের ওপর নির্ভর করতে বা চীনে নীতিমালা পরিবর্তনের জন্য অপেক্ষা করতে আর রাজি নয় কোম্পানিগুলো,” বিবিসিকে বলেছেন ডিএইচএল-এর সরবরাহ ব্যবসার প্রধান নির্বাহী অস্কার ডে বোক।
“দুই থেকে তিনটি বিকল্প উৎসের উপস্থিতি নিশ্চিত করতে চায় তারা।”
ডে বোকের মতে ভারত, ভিয়েতনাম এবং মেক্সিকোর মতো দেশগুলোই সবচেয়ে বেশি উপকৃত হবে এতে।
সম্প্রতি মুম্বাইয়ে ডিএইচএলের ওয়্যারহাউজ সক্ষমতা এবং কর্মী সংখ্যা আগামী পাঁচ বছরের মধ্যে দ্বিগুণ করার পরিকল্পনা জানিয়ে প্রায় কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন ডে বোক।
এই বিনিয়োগ পরিকল্পনার পেছনে ভারতের উৎপাদন ও ইলেকট্রনিক্স পণ্য খাতে ক্রমবর্ধমান বৈদেশিক বিনিয়োগের ভূমিকা আছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি। ভারতকে হার্ডওয়্যার উৎপাদন হাবে পরিণত করতে আগ্রহী কোম্পানিগুলোর জন্য নানা আর্থিক প্রণোদনার ঘোষণা দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার; এতে আগ্রহী হয়ে উঠেছে আন্তর্জাতিক কোম্পানিগুলো।
‘প্রোডাকশন-লিংকড ইনসেনটিভ (পিএলআই)’ পরিকল্পনার অংশ হিসেবে তাইওয়ানের সেমিকন্ডাক্টর জায়ান্ট ফক্সকনের সঙ্গে জোট বেঁধে ইতোমধ্যেই ভারতে দুই হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে খনিজ সম্পদ আহরণের আন্তর্জাতিক কোম্পানি ভেদান্তা রিসোর্সেস।
গত মাসেই কোম্পানিটির চেয়ারম্যান আনিল আগারওয়াল বলেছেন, পুরো বিশ্ব ‘চায়না প্লাস ওয়ান’ কৌশলের দিকে এগোচ্ছে এবং ভারতকেই বেছে নিচ্ছে কোম্পানিগুলো।
ভারতে উৎপাদনের যতো সুবিধা
এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারত; বহুজাতিক কোম্পানিগুলোর কাছে নিজেকে উৎপাদন এবং রপ্তানি হাব হিসেবে উপস্থাপন করতে জোর চেষ্টা করে আসছে দেশটি।
দেশটির স্থানীয় বাজারও আকারে ছোট নয়, অভাব নেই কম খরচে প্রতিভাবান কর্মীর।
ছয় থেকে সাত শতাংশ জিডিপি বৃদ্ধি হারের দেশটিতে সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতির হারও বিশ্বের অন্যান্য দেশের চেয়ে তুলনামূলক কম বলে উল্লেখ করেছে বিবিসি। প্রায় এক দশক ধরে রপ্তানির আকার ৩০ হাজার কোটি ডলারের আশপাশে থাকার পর সম্প্রতি ৪০ হাজার কোটির ঘর ছাড়িয়েছে সেটি।
আর্থিক প্রণোদনার পাশাপাশি ভারতকে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে নতুন নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির দিকেও জোর দিচ্ছে মোদি সরকার।
ভারত সরকারের এই উদ্যোগগুলোকে স্বাগত জানিয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। কিন্তু এ ক্ষেত্রে ভারত সামনের দিকে এক পা এগোলে তিন পা পেছাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
ভারত উন্মুক্ত বাণিজ্য সমঝোতা এবং শুল্ক হ্রাসের দিকে ঝুঁকলেও একই সঙ্গে কর বেড়েছে অন্তত তিন হাজার পণ্যে, স্বনির্ভতার ডাকও আছে দেশটির বাজারে।
এ বিষয়গুলো নিয়ে বন্ধ দরজার পেছনে বিদেশি কোম্পানিগুলো নানা অভিযোগও তুলছে বলে জানিয়েছে বিবিসি।
ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতের আদিম আমলাতন্ত্রে ক্রমাগত বিপাকে পড়ছে ছোট ও মাঝারি আকারের কোম্পানিগুলো। ভারতে জমি ক্রয় এবং নতুন লাইসেন্স করার প্রক্রিয়া এখনও সহজ নয় বলে উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে; দুর্বল অবকাঠোমো ব্যবস্থাও এক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা।
“এখন পর্যন্ত অ্যাপল অবশ্যই একটা সাফল্যের গল্প কিন্তু ভারতকে উৎপাদন হাবে পরিণত করতে কেবল খবরের শিরোনাম হওয়ার উপযোগী বিনিয়োগ এলেই হবে না, একে সমর্থন দেওয়ার মতো বাস্তুতন্ত্রও থাকতে হবে ছোট ও মাঝারি ব্যবসাগুলোর জন্য,” বিবিসিকে বলেছেন অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) পরিচালক মিহির শার্মা।
“এই বিনিয়োগগুলো কাঠামো অনুযায়ী হচ্ছে কি না এবং ভবিষ্যতের জন্য টেকসই কি না তা এখনই বলা যাচ্ছে না।”
ভারতের কর্মীদের একটা বড় অংশ কাজ করেন ছোট ও মাঝারি আকারের কোম্পানিগুলোতে; শার্মা বলছেন, এই কোম্পানিগুলোর মোদি সরকারের আর্থিক প্রণোদনা পরিকল্পনার বাইরেই রয়ে গেছে।
ওআরএফের মতে, মোদির পরিকল্পনা শ্রমশক্তিপ্রধান উৎপাদন শিল্পগুলোকে বিবেচনায় নিচ্ছে না; কিন্তু ‘চায়না প্লাস ওয়ান’ পরিকল্পনার সর্বোচ্চ সুযোগ নিতে ভারতকে সক্ষমতা দিতে পারে এ শিল্পগুলোই।
এশিয়ার অন্যান্য অর্থনীতির সঙ্গে প্রতিদ্বন্দ্বীতার জন্য ভারতকে নিজের কর্মীদের দক্ষতা আরও বাড়াতে হবে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য আরও ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে।
বিশ্ব ব্যাংকের বিবেচনায় সহজে ব্যবসা করার জন্য ভারতের চেয়ে থাইল্যান্ড, ভিয়েতনাম এবং দক্ষিণ কোরিয়া বেশি সুবিধাজনক। ২০৩০ সালের মধ্যে উৎপাদন খাতের পরিসর বাড়াতে সমন্বিত অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে ভিয়েতনামও।
চ্যালেঞ্জ থাকলেও এখনই সময়
সার্বিক দৃশ্যপটে নানা চ্যালেঞ্জ থাকলেও এ ‘ঐতিহাসিক সুযোগ’ নেওয়ার জন্য ভারত অন্যদের চেয়ে ভালো পরিস্থিতিতে আছে বলে মন্তব্য করেছেন হিনরিচ ফাউন্ডেশনের অ্যালেক্স কাপ্রি।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যখন চীনের সঙ্গে দূরত্ব সৃষ্টি করছে, সেখানে ভারতের দক্ষিণাঞ্চলের তামিলনাড়ু, তেলেঙ্গা এবং উত্তরাঞ্চল উৎপাদন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য সুবিধাজনক পরিস্থিতিতে আছে।
এতে ভারতের অঙ্গরাজ্যগুলোর মধ্যেও প্রতিযোগিতা তৈরি হতে পারে বলে মন্তব্য করেছে কাপ্রি।
প্রতিভাবান কর্মীদের খরচ কম হওয়ায় তাইওয়ানের কোম্পানিগুলোও ভারতমুখী হতে পারে বলে জানিয়েছেন তিনি।
তাহলে, শঙ্কা কোথায়?
অ্যালেক্স কাপ্রির ভাষ্যে, “আমার ভারতীয় বন্ধুদের একজন আমাকে একবার বলেছিল, ভারত কখনোই একটা সুযোগ হাতছাড়া করার সুযোগ… হাতছাড়া করে না।”
