০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

এআইনির্ভর নজরদারি ও কর্মী ছাঁটাই বন্ধে নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

কর্মক্ষেত্রে এআই প্রয়োগের বিষয়ে কর্মীদের অধিকার নিশ্চিতের ক্ষেত্রে এটাই যুক্তরাষ্ট্রের অন্যতম প্রথম আইন।

এআইনির্ভর নজরদারি ও কর্মী ছাঁটাই বন্ধে নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

এআই শিল্প নিজেদের নিজে নিয়ন্ত্রণ করতে পারে– ট্রাম্প প্রশাসনের এমন সাম্প্রতিক মন্তব্যকে ‘বাজে কথা’ বলে বর্ণনা করেছেন নিউসম। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 05:17 PM

Updated : 02 Oct 2026, 05:17 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত প্রযুক্তির মাধ্যমে কর্মী ছাঁটাই ও নজরদারি থেকে কর্মীদের সুরক্ষা দিতে নতুন আইন প্রণয়ন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই ঘোষণা দিয়েছেন। নতুন আইন সেসব কোম্পানিকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে, যারা কর্মী ছাঁটাই বা পর্যবেক্ষণে এআই ব্যবহার করছে। কর্মীদের বিকল্প হিসেবে এআই ব্যবহারের বিষয়টি এ আইনের আওতাভুক্ত নয়।

প্রযুক্তি সংবাদের সাইট এনগগাজেট প্রতিবেদনে লিখেছে, কর্মক্ষেত্রে এআই প্রয়োগের বিষয়ে কর্মীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এটাই যুক্তরাষ্ট্রের অন্যতম প্রথম আইন।

বিবৃতিতে গভর্নর নিউসম বলেছেন, “এআইয়ের সুযোগ বাড়ানো উচিত, তবে তা কর্মীদের ও পরিবারগুলোর মূল্যে হওয়া উচিত নয়। যেহেতু এই প্রযুক্তি কাজের জায়গাকে নতুন রূপ দিচ্ছে, ফলে ক্যালিফোর্নিয়া মানুষকেই এর কেন্দ্রে রাখছে।”

এআই শিল্প নিজেই নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে– ট্রাম্প প্রশাসনের এমন সাম্প্রতিক মন্তব্যকে ‘বাজে কথা’ বলে বর্ণনা করেছেন নিউসম।

“ফেডারেল নেতৃত্বের অনুপস্থিতিতে আমাদের আরও অনেক কিছু করতে হবে।”

বেশ কয়েকটি বিল নিয়ে গঠিত নতুন আইনে নিয়োগকর্তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা বা চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়ার সময় কেবল এআইয়ের ওপর নির্ভর করা নিষিদ্ধ করা হয়েছে।

পাশাপাশি, কোনো এআই সিস্টেমের কারণে বড় ধরনের ছাঁটাই, স্থানান্তর বা চাকরিচ্যুতি ঘটলে কোম্পানিগুলোকে সে বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে বাধ্য করা হবে।

এ ছাড়া, কর্মক্ষেত্রের শৌচাগারে নজরদারি সরঞ্জাম ব্যবহারের বিরুদ্ধে সুরক্ষা ও আইনজীবীদের আইনি সংক্ষিপ্ত বিবরণ তৈরির মত ‘মূল আইনি কাজ সম্পূর্ণরূপে এআইয়ের হাতে তুলে দেওয়া’ থেকে বিরত রাখতে বলা হয়েছে নতুন আইনে।

এর মাধ্যমে ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী গ্যাভিন নিউসম মার্কিন ফেডারেল প্রশাসনের নির্দেশকে পাশ কাটিয়ে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এআই সংক্রান্ত নতুন নিয়ম চালুর ঘোষণা দিলেন।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন কিছু ফেডারেল কর্মীকে এআইয়ের পরিবর্তে এটাকে ‘সুপার ইন্টেলিজেন্স’ হিসেবে উল্লেখ করার নির্দেশ দিলেও অঙ্গরাজ্য সংস্থাগুলোকে প্রযুক্তিকে কেবল ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ হিসেবেই বর্ণনার নির্দেশ দিয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন গভর্নর নিউসম।

এর মাধ্যমে ক্যালিফোর্নিয়াকে এআই নিয়ন্ত্রণের ক্ষেত্রে শীর্ষস্থানীয় অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করলেন তিনি। এ সময় মানুষের জন্য এআই প্রযুক্তির সম্ভাব্য বিপদগুলোকে প্লেন শিল্পের ঝুঁকির সঙ্গে তুলনা করেছেন তিনি।

ক্যালিফোর্নিয়ার এসব নতুন আইন প্রণয়নের পেছনে মেটা কর্মীদের কিছু অভিযোগ বড় ভূমিকা রেখেছে।

মেটার কর্মীরা অভিযোগ করেছিলেন, কোম্পানিটি এমন কিছু এআই টুল ব্যবহার করেছে, যা চিকিৎসাজনিত কারণে ছুটিতে থাকা ব্যক্তিদের ছাঁটাইয়ের জন্য ‘অসমানুপাতিক হারে বেছে নিয়েছিল’।

মানবসম্পদ বিষয়ক সাইট ‘এইচআর ডাইভ’-এর তথ্য অনুসারে, প্রতি চারজন ম্যানেজারের মধ্যে একজন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ‘প্রায়ই বা সবসময়’ এআইয়ের সাহায্য নেন।