ইউটিউবে যোগ হচ্ছে অডিওবুক ফিচার
নতুন ফিচার চালুর বিষয় নিয়ে গেল কয়েক মাস ধরে বিভিন্ন বই প্রকাশকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইউটিউব।
স্পটিফাই ও আমাজনের অডিবলকে টেক্কা দিতে অডিওবুকের বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে ভিডিও স্ট্রিমিংয়ে গুগলের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছে, আগামী বছরের শুরুতেই বিশেষ এই অডিওবুক ফিচার উন্মোচন করতে পারে ইউটিউব।
নতুন ফিচার চালুর বিষয় নিয়ে গেল কয়েক মাস ধরে বিভিন্ন বই প্রকাশকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইউটিউব।
বর্তমানেও ইউটিউবে বেশ কিছু চ্যানেলে নানা বইয়ের অডিও সংস্করণ পাওয়া যায়। যার মধ্যে কিছু স্বত্বমুক্ত বই হলেও বড় অংশ অনুমতি ছাড়া বেআইনিভাবে আপলোড করা।
এরই মধ্যে প্ল্যাটফর্মটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের রোবোটিক কণ্ঠ ব্যবহার করে অননুমোদিত বইয়ের অডিও রেকর্ডিং প্রকাশের প্রবণতা শঙ্কাজনকভাবে বেড়েছে।
ইউটিউবে ঘুরে বেড়ানো অসংলগ্ন ও রোবোটিক স্বরের অডিওবুক এ বেআইনি প্রক্রিয়ারই ফল। তবে অডিওবুক সেবা নিয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইউটিউব।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য বলছে, অডিওবুক সুবিধাটি ইউটিউবের মাসিক ১৬ ডলারের প্রিমিয়াম গ্রাহক সেবার সঙ্গে যোগ বা বান্ডেল হিসেবে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে থাকায় প্রিমিয়াম গ্রাহকরা এ খরচে পুরো মাসজুড়ে আনলিমিটেড অডিওবুক শুনতে পারবেন নাকি বই আলাদাভাবে কেনার সুযোগ থাকবে তা ফিচারটি চালু হলেই স্পষ্ট হবে।
অডিওবুক সেবায় ইউটিউব সফল হতে পারবে কি না তা নির্ভর করবে তাদের সংগ্রহে থাকা বইয়ের পরিমাণ ও প্রতিযোগী বিভিন্ন কোম্পানির তুলনায় তারা কত দামে এই সুবিধা দিচ্ছে তার ওপর।
এ বাজারে এরইমধ্যে স্পটিফাই ও অ্যামাজনের অডিবলের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে।
বর্তমানে অডিওবুক শ্রোতাদের জন্য স্পটিফাই একাধিক গ্রাহক সুবিধা দিচ্ছে। তাদের নিয়মিত প্রিমিয়াম গ্রাহকরা প্রতি মাসে ১৫ ঘণ্টার অডিওবুক শোনার সুযোগ পান।
কেউ যদি আরও বেশি সময় শুনতে চান তবে মাসে অতিরিক্ত ১২ ডলার দিয়ে ‘অডিওবুকস প্লাস’ যোগ করে আরও ১৫ ঘণ্টা অতিরিক্ত সংযোগ নিতে পারেন।
সেবাটিতে প্রতি মাসে ১০ ডলারের ‘অডিওবুকস অ্যাকসেস’ নামের আলাদা একটি প্ল্যান রয়েছে, যেখানে মাসে ১৫ ঘণ্টা শোনার সুযোগ মেলে। স্পটিফাইয়ের ওয়েব প্লেয়ারের মাধ্যমে পছন্দমতো একক বই কেনার ব্যবস্থাও রয়েছে।
অন্যদিকে, অডিওবুকের বাজারে রয়েছে অন্যতম পুরনো ও বড় কোম্পানি মার্কিন ই কমার্স জায়ান্ট অ্যামাজনের অডিবল।
তাদের ৯ ডলারের ‘স্ট্যান্ডার্ড’ মেম্বারশিপে গ্রাহকরা ক্যাটালগ থেকে মাসে একটি করে বই শোনার সুযোগ পান।
অ্যামাজনের ১৫ ডলারের প্রিমিয়াম গ্রাহক হলে প্রতি মাসে একটি ক্রেডিট বা পয়েন্ট যোগ হয়, যা দিয়ে কেনা অডিওবুকটি ব্যবহারকারী নিজের কাছে রেখে দিতে পারেন।
এরসঙ্গে পুরো ক্যাটালগ থেকে আনলিমিটেড বই শোনার সুবিধাও পান গ্রাহকরা। এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে ইউটিউব তাদের বড় ব্যবহারকারী ভিত্তিকে কাজে লাগিয়ে কীভাবে নিজেদের জায়গা করে নেয় তা দেখার বিষয়।
