এবার ‘ভবিষ্যৎ-বান্ধব’ ডিজিটাল পোশাক’ দেখাল অ্যাডোবি
“ডিজাইনাররা ক্লোদিং, ফার্নিচার এমনকি অন্যান্য ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন, যা অপার সম্ভাবনার দুয়ার খুলে দেবে।” --অ্যাডোবি।
ফটোশপের নির্মাতা কোম্পানি অ্যাডোবি এমন ভবিষ্যৎ-বান্ধব ‘ডিজিটাল পোশাক’ উন্মোচন করেছে, যেখানে কেবল একটি বাটনে ক্লিক করার মাধ্যমেই এর পৃষ্ঠে থাকা বিভিন্ন ‘প্যাটার্ন’ বদলাতে পারবেন পরিধানকারী।
ব্রিটিশ সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ‘প্রজেক্ট প্রিমরোজ’ নামের প্রকল্পের অধীনে পুঁতির তৈরি পোশাকটি বানিয়েছে অ্যাডোবি। আর তরলকৃত ক্রিস্টালের মাধ্যমে তৈরি হয়েছে এর ‘রিফ্লেক্টিভ লাইট-ডিফিউজার মডিউল’। সাধারণত স্মার্ট লাইটিং ব্যবস্থায় এই প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে।
গবেষকরা বলছেন, এর পুঁতিগুলো আসলে একেকটি ছোট স্ক্রিন, যেখানে ব্যবহৃত হয়েছে স্মার্ট কাঁচামাল।
গত সপ্তাহে অ্যাডোবি’র আয়োজিত ‘ম্যাক্স’ সম্মেলনে দর্শকদের এই পোশাকের প্রথম ঝলক দেখানো হয়। আর একে ‘প্রাণবন্ত ফেব্রিক’ হিসেবে ব্যাখ্যা করেছে সফটওয়্যার কোম্পানিটি।
ওই সম্মেলনের ভিডিও’তে দেখা যায়, ফিতাবিহীন পোশাকটি পরে সবার সামনে এসেছেন অ্যাডোবির গবেষক ক্রিস্টিন ডিয়ের্ক। প্রথম ঝলকে একে সাধারণ ‘ককটেল ড্রেসের’ মতো দেখালেও রিমোটের বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই এর স্তরগুলো বদলাতে থাকে।
“গতানুগতিক পোশাকের মতো এটি স্থির নয়। কয়েক মূহুর্তের জন্য আমার লুক সতেজ করার সুযোগ দিয়েছে প্রিমরোজ।” --এর রং মূহুর্তেই উজ্বল থেকে কালো হতে পারে, সেটির নমুনা দেখানোর সময় বলেন অ্যাডোবি’র ওই বিজ্ঞানী।
গবেষক থেকে পুরোদস্তর ফ্যাশন মডেলের রূপ নেওয়া ডায়ের্ক আরও দেখান, এতে বিভিন্ন ‘অ্যানিমেটেড’ নকশাও ‘ফেইড ইন ও ফেইড আউট’ করার সুযোগ রয়েছে।
পোশাকটি নকশা করার পাশাপাশি এর সেলাইয়ের কাজও করেছেন ডায়ের্ক। এমনকি শরীর নাড়াচাড়ার সময়ও এটি কাজ করে, তারও নমুনা দেখিয়েছেন তিনি।
গবেষকরা বলছেন, নতুন ধাঁচের এ পোশাকে ব্যবহৃত হয়েছে প্রতিফলনযোগ্য ‘পলিমার-ডিস্পার্সড লিকুইড ক্রিস্টাল’ বা ‘পিডিএলসি’ নামের উপাদান, যেটি সাধারণত ‘স্মার্ট উইন্ডো’তে ব্যবহার করা হয়।
“এ উপাদান নিজেকে যে কোনো আকারে ঢেলে সাজানোর পাশাপাশি আলো নিয়েও খেলতে পারে।” --গত বছর এক প্রযুক্তি সম্মেলনে উপস্থাপিত গবেষণায় লেখেন বিজ্ঞানীরা। তবে ওই পোশাক কতোটা ভারী, সে বিষয়ে তথ্য মেলেনি।
“ডিজাইনাররা ক্লোদিং, ফার্নিচার এমনকি অন্যান্য ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন, যা ফ্যাশন জগতে অপার সম্ভাবনার দুয়ার খুলে দেবে। এর মধ্যে রয়েছে নকশা ডাউনলোড করার এমনকি নিজ পছন্দের ডিজাইনারের সর্বশেষ নকশা ব্যবহারের সুবিধাও।” --বলেছে অ্যাডোবি।
কোম্পানি আরও বলেছে, প্রজেক্ট প্রিমরোজের অন্যান্য পণ্যেও ব্যবহৃত হয়েছে এইসব ‘হাই-টেক’ পুঁতি, যার মধ্যে রয়েছে হ্যান্ডব্যাগ এমনকি ক্যানভাসও।
“আমরা আশা করি, এই কাজ ফ্লেক্সিবল ডিসপ্লে নিয়ে কাজ করা ডিজাইনারদের ভবিষ্যতে অনুপ্রাণিত করবে।”
