২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেশি দামে টুইটার কেনা ইলন মাস্ক ‘রোমাঞ্চিত’

একই কনফারেন্স কলে টেসলার বাজারমূল্য ভবিষ্যতে ট্রিলিয়ন ডলারের দুই প্রতিষ্ঠান অ্যাপল এবং সৌদি আরামকোর মোট বাজারমূল্যকেও ছাড়িয়ে যেতে পারে বলে দাবি করেছেন মাস্ক।

বেশি দামে টুইটার কেনা ইলন মাস্ক ‘রোমাঞ্চিত’

ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 04:05 PM

Updated : 20 Oct 2022, 04:43 PM

টুইটার অধিগ্রহণ চুক্তি নিয়ে নিজে ‘রোমাঞ্চিত’ বলে জানিয়েছেন ইলন মাস্ক; মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি যে বেশি দামে কিনছেন, তাও বলেছেন টেসলা প্রধান।

বুধবারে টেসলার তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন উপস্থাপনের সময় টুইটার নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন কোম্পানির ‘টেকনোকিং’। সে প্রশ্নের উত্তরেই এমন মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনী।

এপ্রিল মাসে চার হাজার চারশ কোটি ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়ে ঝড় তুলেছিলেন মাস্ক। তারপর একের পর এক নাটকীয়তার জন্ম দিয়েছেন তিনি।

টুইটার বট অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না অভিযোগ তুলে অধিগ্রহণের সমঝোতা চুক্তি বাতিল করার চেষ্টা করেছিলেন এক পর্যায়ে। সে ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত, চুক্তিভঙ্গের অভিযোগ মাস্কের বিরুদ্ধে মামলা করেছিল টুইটারের পরিচালনা পর্ষদ।

মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হওয়ার আগেই আবার ‘ইউ-টার্ন’ নিয়েছেন মাস্ক, শেয়ার প্রতি আগের নির্ধারিত ৫৪ ডলার ২০ সেন্ট দিয়েই টুইটারের সকল শেয়ার কিনে নিতে রাজি হয়েছেন তিনি; মাস্ককে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার সময় দিতে বিচার প্রক্রিয়া স্থগিত করেছে ডেলাওয়্যারের আদালত।

রয়টার্স জানিয়েছে, বুধবারের প্রশ্নোত্তর পর্বে টুইটারকে একটি ‘দীর্ঘ দিন ধরে নিস্তেজ হয়ে পড়ে থাকা’ সম্পদ বলে বর্ণনা করেছেন মাস্ক।

“আমি এবং অন্যান্য বিনিয়োগকারীরা এ মুহুর্তে অবশ্যই টুইটারের জন্য বেশি দাম দিচ্ছি। তবে, আমার চোখে টুইটারের দীর্ঘমেয়াদী সম্ভাবনা এর বর্তমান দামের চেয়ে কয়েক গুণ বেশি,” বলেছেন মাস্ক।

একই কনফারেন্স কলে টেসলার বাজারমূল্য ভবিষ্যতে ট্রিলিয়ন ডলারের দুই প্রতিষ্ঠান অ্যাপল এবং সৌদি আরামকোর মোট বাজারমূল্যকেও ছাড়িয়ে যেতে পারে বলে দাবি করেছেন মাস্ক।

শেয়ার বাজারে টেসলার বর্তমান বাজার মূল্য ৭০ হাজার কোটি ডলারের নিচে রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। আর অ্যাপলের বাজারমূল্য এখন দুই লাখ ৩০ হাজার কোটি ডলার এবং সৌদি আরামকোর বাজারমূল্য দুই লাখ ১০ হাজার কোটি ডলার।

রয়টার্স জানিয়েছে, টুইটার দাম মেটাতে নগদ তহবিল সংগ্রহের চেষ্টা করছেন মাস্ক। কিন্তু বাজার বিশ্লেষকদের কেউ কেউ আশঙ্কা করছেন, টেসলার তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের পর তিনশ কোটি ডলারের টেসলা শেয়ার বেচে টুইটার কেনার তহবিল সংগ্রহ করতে হতে পারে বিশ্বের শীর্ষ ধনীকে।