Published : 16 Sep 2026, 01:13 PM
ডলবি অ্যাটমস অডিও ও একটি কমপ্যাক্ট ডিজাইনের সমন্বয়ে নতুন এক সাউন্ডবার বাজারে আনছে অডিও প্রযুক্তির শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইয়ামাহা।
নতুন ‘বি২০০এ’ নামের মডেলের এ সাউন্ডবারটি বেশ ছোট। এর প্রস্থ ২৩ দশমিক ৫ ইঞ্চি ও উচ্চতা কেবল ২ দশমিক ৫ ইঞ্চি। ঘরের জায়গা বাঁচাতে দেয়ালে ঝুলিয়ে রাখা যাবে এই সাউন্ডবার।
বেশিরভাগ ডেস্কটপ মনিটরের নিচে খুব সহজেই ফিট করা যায় বলে গেইমিংয়ের সময় এ সাউন্ডবারে ইমার্সিভ অডিও উপভোগ করা সম্ভব হবে।
এ বছরের নভেম্বরে ২৫০ ডলার মূল্যে স্পিকারটি বাজারে পাওয়া যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
ডিভাইসটির সবচেয়ে বড় আকর্ষণ এর ডলবি অ্যাটমস সারাউন্ড সাউন্ড প্রযুক্তি।
ইয়ামাহার দাবি, এর ছোট আকার ও কম ড্রাইভার সংখ্যা (দুটি ও একটি সাবউফার) থাতার পরও ‘বি২০০এ’ মডেলটি ‘থ্রিডি ইমার্সিভ সাউন্ড’ দেবে।
এর বিল্ট-ইন সাবউফারটি নিচের ফ্রিকোয়েন্সি বা বেজ বাড়াতে সাহায্য করবে ও অতিরিক্ত বাউন্সের জন্য এতে রয়েছে ‘বেজ এক্সটেন্ডার’ অপশন।
এ ছাড়া, বিভিন্ন ধরনের পরিস্থিতির জন্য এতে চারটি প্রিসেট মোড ও ব্যাকগ্রাউন্ড অডিও বা গানের ওপর স্পষ্টভাবে সংলাপ ফুটিয়ে তুলতে ‘ক্লিয়ার ভয়েস’ প্রযুক্তি যোগ হয়েছে।
ডিভাইসটিতে বেশি ফিচারের বাড়াবাড়ি নেই। তবে অনেক সময় সরলতাই শ্রেয়।
একটিমাত্র এইচডিএমআই পোর্ট ও পুরনো ধাঁচের ব্যবহারকারীদের জন্য ৩ দশমিক ৫ মিলিমিটারের অডিও জ্যাক থাকায় এর সেটআপ প্রক্রিয়া সহজ হবে।
যে কোনো টিভি বা গেইমিং মনিটরের সঙ্গে এটা সহজেই যোগ করা যায়। পাশাপাশি ফোন থেকে অডিও স্ট্রিমিংয়ের জন্য এতে ব্লুটুথ কানেক্টিভিটিও রয়েছে।
বাজারের সবচেয়ে সাশ্রয়ী সাউন্ডবার না হলেও সবচেয়ে দামিগুলোর তুলনায় এর দাম কম। যারা খুব বেশি অর্থ খরচ না করেই ডলবি অ্যাটমসের জগতে প্রবেশ করতে চান তাদের জন্য ইয়ামাহার ‘বি২০০এ’ সাউন্ডবার ভালো বিকল্প হতে পারে।