২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

টেসলার প্রান্তিক আয়ে ধস, ‘সাশ্রয়ী মডেল’ আনার কথা বলছেন মাস্ক

মাস্ক বলেন, নতুন গাড়িগুলো কোম্পানির প্রচলিত উৎপাদন খাতের সঙ্গে পরবর্তী প্রজন্মের মেলবন্ধন ঘটাবে।

টেসলার প্রান্তিক আয়ে ধস, ‘সাশ্রয়ী মডেল’ আনার কথা বলছেন মাস্ক

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2024, 01:13 PM

Updated : 24 Apr 2024, 01:13 PM

আগের চেয়ে ‘আরও সাশ্রয়ী ইভি মডেল’ আনার আশ্বাস দিয়েছেন টেসলা সিইও ইলন মাস্ক।

মঙ্গলবার মাস্কের এমন ঘোষণার পরপরই টেসলার শেয়ারমূল্য বেড়ে যেতে দেখা গেছে। এদিকে, বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির আয় কমেছে নয় শতাংশ।

এক বছর আগে টেসলার আয় ছিল দুই হাজার ৩৩৩ কোটি ডলার, যা এ বছর কমে গিয়ে ঠেকেছে দুই হাজার ১৩০ কোটি ডলারে। এমনকি গত বছরের শেষ প্রান্তিকেও কোম্পানির আয় ছিল আড়াই হাজার কোটি ডলারের বেশি।

মঙ্গলবারের শেষদিকে কোম্পানির শেয়ারমূল্য প্রায় ১১ শতাংশ বেড়ে যাওয়ার আগে এ বছর নিজস্ব শেয়ারমূল্যে ৪০ শতাংশ পতন দেখেছে টেসলা। এর মানে হচ্ছে, কোম্পানিটি খুবই বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

বছরের প্রথম প্রান্তিকে টেসলার আয় ৫০ শতাংশের বেশি কমে গিয়ে ঠেকেছে ১১০ কোটি ডলারে, যেখানে ইভি জায়ান্ট কোম্পানিটির লভ্যাংশ কমেছে প্রায় ২০ শতাংশ, যেখানে আংশিক ভূমিকা রেখেছে গাড়ির দাম কমানোর বিষয়টি।

তবে, মঙ্গলবার নতুন মডেলের ঘোষণা আসার পরপরই কোম্পানির শেয়ারমূল্য আবারও উর্ধ্বমূখী। প্রতিযোগী কোম্পানিদের চাপ ও নিজস্ব পণ্যের বিক্রি কমে আসার কথা বিবেচনায় নিলে একে বড় অর্জনই বলা যায়।

মাস্ক বলছেন, টেসলা যেসব ‘নতুন সাশ্রয়ী মডেল’ বাজারে আনার প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলোর উৎপাদন ‘এ বছর না হলে ২০২৫ সাল থেকে’ শুরু হতে পারে।

তবে নতুন গাড়ি কমে নাগাদ বাজারে আসতে পারে বা এর সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য দিতে রাজি হননি তিনি।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, এ সাশ্রয়ী মডেলগুলোর সক্ষমতা কোম্পানির পুরোনো ‘মডেল ৩’-এর চেয়ে কম হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এ মডেলের দাম কমে এসেছে ৩৯ হাজার ডলারে।

এর আগে রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছিল, নিজেদের ‘মডেল ২’ তৈরির প্রাথমিক পরিকল্পনা বাতিল করেছে টেসলা, যা নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল, এটি কোম্পানির অগ্রগতিতে চালিকা শক্তি হিসেবে কাজ করবে।

তবে, প্রতিবেদনটি নাকচ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মাস্ক পোস্ট করেন, ‘রয়টার্স মিথ্যা বলছে’। তবে, তারা কোন জায়গায় ভুল তথ্য দিয়েছে, সে বিষয়টি চিহ্নিত করেননি তিনি।

মাস্ক বলেন, নতুন গাড়িগুলো কোম্পানির প্রচলিত উৎপাদন খাতের সঙ্গে পরবর্তী প্রজন্মের মেলবন্ধন ঘটাবে।

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, একটি সহজ ‘আনবক্সড’ উৎপাদন প্রক্রিয়া গাড়ি তৈরির খরচ কমিয়ে আনতে পারে।

“এটা আকস্মিকভাবে নতুন কারখানা বা বড় উৎপাদন খাত তৈরির ঘটনা নয়, আমাদের কাছে এখন যে উৎপাদন ব্যবস্থা আছে, তা দিয়েই কার্যকর উপায়ে নতুন গাড়ি উৎপাদন সম্ভব,” বলেন টেসলা বস মাস্ক।

“আমরা মনে করি, দ্বিতীয় প্রান্তিকে এর চেয়ে ভালো ফলাফল আসবে।”