১০ লাখ অ্যালবাম কিনল স্যামসাং
স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দিচ্ছে জে-জি-এর নতুন অ্যালবাম উপহার।
এবার স্যামসাং স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে নতুন উপহার। সংগীতশিল্পী জে-জির নতুন অ্যালবাম ‘ম্যাগনা কার্টা হোলি গ্রেইল’-এর গানগুলো স্যামসাং উপহার দেবে গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহারকারীদের। সংবাদমাধ্যম এবিসিনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, গ্যালাক্সি এস৩, এস৪ এবং গ্যালাক্সি নোট টু ব্যবহারকারীদের মধ্যে কেবল ভাগ্যবান ১০ লাখ ব্যবহারকারীই পাবেন এ উপহার।
এ অ্যালবামটি পাওয়ার জন্য গ্যালাক্সি এস৩, এস৪ এবং গ্যালাক্সি নোট টু ব্যবহারকারীদের ‘ম্যাগনা কার্টা হোলি গ্রেইল’ অ্যাপ ডাউনলোড করতে হবে গুগল প্লে অ্যাপ স্টোর থেকে। অ্যালবামটি মুক্তি পাওয়ার ৭২ ঘণ্টা আগেই ভাগ্যবান ব্যবহারকারীর মোবাইলের অ্যাপটিতে স্বয়ংক্রিয়ভাবে গানগুলো চলে আসবে।
স্যামসাং জানিয়েছে, তারা এমনভাবে বিষয়টি নিয়ন্ত্রণ করবে যাতে করে স্যামসাংয়ের এ নির্দিষ্ট স্মার্টফোনগুলো ছাড়া অন্য অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা অ্যালবামটি না পান। জে-জির ওই দশ লাখ অ্যালবাম কিনতে স্যামসাংয়ের মোট খরচ হয়েছে ৫০ লাখ ডলার।
