টেক্সটভিত্তিক পোস্টের সুবিধা চালু করছে টিকটক
টিকটক ব্যবহারকারীরা এখন থেকে অ্যাপে তিনটি অপশন দেখতে পাবেন। সেগুলো হল ছবি, ভিডিও এবং টেক্সটভিত্তিক পোস্ট করার সুবিধা।
বিভিন্ন সামাজিক মাধ্যম কোম্পানির মধ্যে লড়াইয়ের তীব্রতা বৃদ্ধি পাওয়ার মধ্যেই ব্যবহারকারীদের জন্য ‘টেক্সট-অনলি’ পোস্ট সুবিধা চালুর ঘোষণা দিয়েছে টিকটক।
কোম্পানি বলছে, নতুন এই ফিচার ব্যবহারকারীদের ‘মত প্রকাশের আরেকটি উপায়’ হতে যাচ্ছে।
স্পটিফাই ও অ্যাপল মিউজিকের মতো পরিষেবাগুলোকে টক্কর দেওয়ার লক্ষ্যে এই মাসের শুরুতে নতুন মিউজিক স্ট্রিমিং সেবাও উন্মোচন করেছে চীনা মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং অ্যাপটি।
এরইমধ্যে সোমবার টুইটারের জনপ্রিয় নীল রঙের পাখির লোগো বদলে সাদা ও কালো রঙের ‘এক্স’ নামে এর রিব্র্যান্ডিংয়ের ঘোষণা দেন ইলন মাস্ক।
বিবিসি বলছে, টিকটক ব্যবহারকারীরা এখন থেকে অ্যাপে তিনটি অপশন দেখতে পাবেন। সেগুলো হল ছবি, ভিডিও বা টেক্সট পোস্ট করার সুবিধা।
পাশাপাশি, বিভিন্ন পোস্ট কাস্টমাইজ করার জন্য এতে সাউন্ড, লোকেশন বা ‘ডুয়েট’ (অন্যান্য ব্যবহারকারীর করা পোস্টের ভিডিও প্রতিক্রিয়া) যোগ করার সুবিধাও পাবেন ব্যবহারকারীরা।
“এই ফিচারের মাধ্যমে আপনার টেক্সটভিত্তিক পোস্ট ভিডিও বা ছবির পোস্টের মতোই শক্তিশালী ও ইন্টার্যাকটিভ হবে।” --বলেছে টিকটক।
সম্প্রতি ব্রাজিল ও ইন্দোনেশিয়ায় ‘টিকটক মিউজিক’ নামে নতুন মিউজিক স্ট্রিমিং সেবা চালু করেছে চীনের বাইটডান্স মালিকানাধীন কোম্পানিটি।
গত সপ্তাহে সিঙ্গাপুর, মেক্সিকো ও অস্ট্রেলিয়ায় সেবাটির বেটা সংস্করণ চালু করেছে টিকটক।
কোম্পানির এক মুখপাত্র বলেন, এর মাধ্যমে ব্যবহারকারীরা ‘টিকটক থেকে খুঁজে পাওয়া মিউজিক শোনা, শেয়ারিং ও ডাউনলোডের সুবিধা পাওয়ার পাশাপাশি নিজেদের পছন্দের শিল্পী ও গানগুলোকে টিকটক কমিউনিটির সঙ্গে শেয়ার করার’ সুযোগ পাবেন।
অন্যদিকে, গোটা বিশ্বের বাছাই করা কিছু ব্যবহারকারীর মাধ্যমে নিজেদের নতুন ল্যান্ডস্কেপ মোড ফিচারটিও পরীক্ষা করছে টিকটক।
২০২১ সালে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার কৃতিত্ব অর্জন করে টিকটক। এমনকি সে সময় এটি মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের চেয়েও বেশি জনপ্রিয়তা লাভ করেছিল বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
ওই বছর কোম্পানি বলেছিল, তাদের বৈশ্বিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা একশ কোটির বেশি।
সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইনস্টাগ্রামের মালিক কোম্পানি মেটা ও সম্প্রতি টুইটারের নাম বদলে ‘এক্স’ নাম ধারণ সামাজিক মাধ্যমের মধ্যে ব্যপক প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে।
এই মাসে মেটার নতুন থ্রেডস প্ল্যাটফর্মটি অ্যাপল ও অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরের সহায়তায় একশটি দেশে চালু হয়েছে।
পরবর্তীতে মেটা প্রধান মার্ক জাকারবার্গ বলেন, তার কোম্পানির নতুন অ্যাপ থ্রেডস-এ পাঁচ দিনের চেয়েও কম সময়ে ১০ কোটি ব্যবহারকারী সাইন আপ করেছেন।
আর এই সপ্তাহেই টুইটারের জনপ্রিয় পাখির লোগো বদলে এতে কালো ব্যাকগ্রাউন্ডওয়ালা সাদা রঙের ‘এক্স’ অক্ষরযুক্ত লোগো আনেন মাস্ক।
এ ছাড়া, ‘টুইট’ শব্দটি বদলে এগুলোকে ‘এক্স’ নামে পরিবর্তন করার ইঙ্গিত দিয়েছেন মাস্ক।
