১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গুগল পিক্সেলের আপডেটে এল নতুন এআই টুল ও থার্মোমিটার

ব্যবহারকারী ফোনের স্ক্রিনে কোনো কিছুর ওপরে বৃত্ত আঁকলে, ফিচারটি এআইয়ের সাহায্যে বৃত্তের মধ্যে থাকা ছবি, লেখা, বা অন্য যেকোনো কিছুর অনুসন্ধান করবে।

গুগল পিক্সেলের আপডেটে এল নতুন এআই টুল ও থার্মোমিটার

ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 12:54 PM

Updated : 26 Jan 2024, 02:12 PM

নতুন স্বাস্থ্য ফিচার ও এআই টুল নিয়ে বছরের প্রথম আপডেট এসেছে গুগলের পিক্সেল ফোনে।

এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফিচার সম্ভবত একটি সচল থার্মোমিটার। তবে এটি কেবল সম্প্রতি বাজারে আসা ‘পিক্সেল ৮ প্রো’তেই ব্যবহার করা যাবে বলে উঠে এসেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে।

কোনো ব্যবহারকারীর মাথাব্যথা হলে সেটি অনেক সময় ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে হয়েছে, না কি আসলেই জ্বর এসেছে সেটি দেখতে ফিচারটির সাহায্যে তাকে কেবল নিজের কপাল স্ক্যান করতে হবে। সেখানের ফলাফল ফিটনেস ট্র্যাকার ‘ফিটবিট’ ও অন্যান্য স্বাস্থ্য মেট্রিক্সের সঙ্গে মিলিয়ে দেখা যাবে বলে উঠে এসেছে ওই প্রতিবেদনে।

সার্চ টুলে এআই চালিত বৃত্তের নতুন ফিচার যোগ করে নিজেদের টেনসর জি৩ চিপের কার্যকারীতাও বাড়াচ্ছে গুগল। এটি একেবারে বিজ্ঞাপনের ভাষার মতো করেই কাজ করে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।

ব্যবহারকারী ফোনের স্ক্রিনে কোনো কিছুর ওপরে বৃত্ত আঁকলে, ফিচারটি এআইয়ের সাহায্যে বৃত্তের মধ্যে থাকা ছবি, লেখা, বা অন্য যেকোনো কিছুর অনুসন্ধান করবে।

এ ছাড়াও, ‘ফটোমোজি’ বলে একটি ফিচার রয়েছে, যা ব্যবহারকারীর পছন্দের ছবিগুলোকে ‘ইমোজি’ বা ‘রিয়্যাকশনে’ বদলে দেয়।

পাশাপাশি রয়েছে ‘ম্যাজিক কম্পোজ’ টুল, যা অনেকটা ‘ম্যাজিক এডিটর’ টুলের মতোই কাজ করে। তবে, এই ফিচারটি ব্যবহার করা যাবে কেবল লেখার ক্ষেত্রে। গুগল বলেছে, ব্যবহারকারীর মেসেজের বিষয়ভিত্তিতে বিভিন্ন প্রতিক্রিয়া লিখবে ফিচারটি।

এ আপডেটে অ্যান্ড্রয়েডের নতুন ফাইল শেয়ারিং ফিচার ‘কুইক শেয়ার’ রয়েছে বলে লিখেছে এনগ্যাজেট। ফিচারটি ব্যবহারকারীদের আশপাশে থাকা ডিভাইসগুলোর তালিকা দেবে, সেখান থেকে তারা বিভিন্ন ফাইল শেয়ার করতে পারবেন। পাশাপাশি, বিভিন্ন উইন্ডোজের পিসিতে ফিচারটি চালু করার জন্যও কাজ করছে গুগল।

নতুন আপডেটের সঙ্গে ‘মিন্ট গ্রিন’ রঙের ‘পিক্সেল ৮’ ও ‘পিক্সেল ৮ প্রো’ প্রকাশ করেছে গুগল। বিভিন্ন ফিচারের নতুন আপডেট আজকে থেকে শুরু হওয়ার কথা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।