১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

এআইয়ের পরবর্তী বড় বিপ্লব নিয়ে কী বললেন অল্টম্যান?

অল্টম্যান বলেছেন, “আমি সেই সময়ের অপেক্ষায় রয়েছি যখন এআই আপনার জীবনের প্রতিটি ছোটখাটো খুঁটিনাটি মনে রাখতে পারবে।”

এআইয়ের পরবর্তী বড় বিপ্লব নিয়ে কী বললেন অল্টম্যান?
অল্টম্যান বলেছেন, “আপনার কাছে যদি বিশ্বের সেরা ব্যক্তিগত সহকারীও থাকে… তবুও সে আপনার জীবনের বলা প্রতিটি কথা মনে রাখতে পারবে না।” ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 01:24 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যখন ‘অসীম ও নিখুঁত স্মৃতিশক্তি’ অর্জন করবে, তখনই তা অতিমানবিক হয়ে ওঠার পথে সবচেয়ে বড় মাইলফলকে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান।

এ নিয়ে ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্ট-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার যুক্তি বা রিজনিং সক্ষমতা বাড়ানোর দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছে ওপেনএআই ও তাদের প্রতিযোগী বিভিন্ন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম নির্মাতা কোম্পানি।

তবে ‘বিগ টেকনোলজি পডকাস্ট’ নামের এক অনুষ্ঠানে অল্টম্যান বলেন, “আমি সেই সময়ের অপেক্ষায় রয়েছি, যখন এআই আপনার জীবনের প্রতিটি ছোটখাটো খুঁটিনাটি মনে রাখতে পারবে।”

তার ভাষায়, ২০২৬ সালের মধ্যেই সে লক্ষ্যে পৌঁছাতে কাজ করছে ওপেনএআই।

পডকাস্টে অল্টম্যান আরও বলেন, “আপনার কাছে যদি বিশ্বের সেরা ব্যক্তিগত সহকারীও থাকে, তবুও সে আপনার জীবনের বলা প্রতিটি কথা মনে রাখতে পারবে না।

“আপনার লেখা প্রতিটি নথিপত্র পড়ে ফেলা তাদের পক্ষে সম্ভব নয়। প্রতিদিন আপনার প্রতিটি কাজ পর্যবেক্ষণ করে সব খুঁটিনাটি মনে রাখা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। কারণ কোনো মানুষেরই অসীম ও নিখুঁত স্মৃতিশক্তি নেই।

“তবে নিশ্চিতভাবেই এমনটি করতে পারবে এআই। আমরা এ বিষয়টি নিয়ে নিয়মিত আলোচনা করি। সত্যি বলতে, এআইয়ের স্মৃতিশক্তি এখনো খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে।”

গুগলের সর্বশেষ এআই মডেল জেমিনাই বাজারে আসার পর নিজের কোম্পানির পরিস্থিতিকে ‘কোড রেড’ বা জরুরি অবস্থা হিসেবে বর্ণনা করেছিলেন অল্টম্যান। ওই ঘটনার কয়েক সপ্তাহ পরই এমন মন্তব্য করলেন তিনি।

নভেম্বরে নিজেদের নতুন এআই অ্যাপ বাজারে আনে গুগল। সে সময় ‘জেমিনাই ৩’-কে বুদ্ধিমত্তার এক ‘নতুন যুগ’ হিসেবে তুলে ধরে মার্কিন সার্চ জায়ান্টটি। বিভিন্ন এআই মান যাচাই পরীক্ষায় রেকর্ড স্কোর অর্জন করে মডেলটি।

তবে পডকাস্টে অল্টম্যান ‘জেমিনাই ৩’ থেকে আসা সম্ভাব্য হুমকিকে খুব একটা গুরুত্ব দেননি। তার মতে, নতুন কোনো প্রতিযোগিতার মুখে সতর্ক হওয়া ও দ্রুত পদক্ষেপ নেওয়া ওপেনএআইয়ের জন্য অস্বাভাবিক নয়।

তিনি বলেন, “সম্ভাব্য কোনো প্রতিযোগিতামূলক হুমকি দেখা দিলে কিছুটা সতর্ক থাকা ও দ্রুত ব্যবস্থা নেওয়াই ভালো।

“অতীতেও আমাদের সঙ্গে এমন হয়েছে। এ বছরের শুরুতে ডিপসিকের ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা গেছে। জেমিনাই ৩ যতটা প্রভাব ফেলবে বলে আমরা ভেবেছিলাম, শেষ পর্যন্ত বা অন্তত এখন পর্যন্ত ততটা ফেলেনি। তবে এটি আমাদের পণ্যের কিছু সীমাবদ্ধতা ও কৌশলগত দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যেগুলো আমরা দ্রুত ঠিক করছি।”

এআই দৌড়ে এগিয়ে থাকতে নিজের কৌশল ব্যাখ্যা করে অল্টম্যান বলেন, “আমার লক্ষ্য সবচেয়ে সেরা মডেল তৈরি করা। সেই মডেলগুলোকে ঘিরে কার্যকর পণ্য ও সেবা তৈরি করা এবং বড় পরিসরে মানুষের কাছে পৌঁছানোর মতো শক্ত অবকাঠামো নিশ্চিত করা।”

ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে চ্যাটজিপিটির ব্যবহারকারী সংখ্যা প্রায় ৮০ কোটি। এআই অ্যাপ বাজারের প্রায় ৭১ শতাংশ দখলে রেখেছে প্রতিষ্ঠানটি। গত বছর একই সময়ে এই বাজারে ওপেনএআইয়ের দখল ছিল প্রায় ৮৭ শতাংশ।

অন্যদিকে গুগলের বাজার দখল প্রায় ৫ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশের বেশি হয়েছে। একই সঙ্গে সম্প্রতি জেমিনাই ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ৬৫ কোটি।