Published : 15 Sep 2026, 10:30 AM
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের নতুন শক্তিশালী মডেলটি ব্যবহারের জন্য প্ল্যাটফর্মের ধরন ও সাবস্ক্রিপশন ভেদে বেশ কিছু সুনির্দিষ্ট শর্ত ও নিয়ম রয়েছে।
৩ সেপ্টেম্বর থেকে ওপেনএআইয়ের বহুল আলোচিত নতুন মডেল ‘জিপিটি-৬ অ্যাস্ট্রা’ চালু হয়েছে। তবে সবার জন্য মডেলটি সহজলভ্য না হওয়ায় কারো অ্যাকাউন্টে মডেলটির এক্সেস পাওয়ার পর সঠিক নিয়ম মেনে এগোনো জরুরি।
চ্যাটজিপিটিতে মডেলটি ‘জিপিটি-৬ প্রো’ নামে পরিচিত ও বর্তমানে কেবল ১০০ ও ২০০ ডলারের প্রো প্ল্যান, বিজনেস ও এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য পর্যায়ক্রমে চালু হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
আপাতত ফ্রি ও গো ব্যবহারকারীরা এ সুবিধার বাইরে থাকছেন। তবে প্লাস সাবস্ক্রাইবাররা চ্যাটিংয়ের পরিবর্তে ‘চ্যাটজিপিটি ওয়ার্ক’ ও কোডেক্সের মাধ্যমে অ্যাস্ট্রা ব্যবহারের সুযোগ পাবেন।
ওপেনএআই বলেছে, মডেলটি চালুর প্রক্রিয়াটি ধীরে ধীরে হবে। ফলে কোনো ব্যবহারকারী নির্দিষ্ট প্ল্যানে থাকলেও তার অ্যাকাউন্টে মডেলটি পেতে কিছুটা সময় লাগতে পারে। ঠিক কবে নাগাদ সব যোগ্য অ্যাকাউন্টে মডেলটি পৌঁছাবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ জানায়নি ওপেনএআই।
যেভাবে ব্যবহার করবেন
প্রো, বিজনেস বা এন্টারপ্রাইজ অ্যাকাউন্টের ব্যবহারকারীরা চ্যাটজিপিটি কনভারসেশনের মডেল ‘পিকার’ থেকে ‘প্রো’ ক্যাটেগরির নিচে থাকা ‘জিপিটি-৬ প্রো’ বাছাই করে তা ব্যবহার করতে পারবেন।
তবে মেনুতে সরাসরি অ্যাস্ট্রা নামটি না খুঁজে এ নামের মাধ্যমেই তা ব্যবহার করতে হবে। এ ছাড়া এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের ক্ষেত্রে ওয়ার্কস্পেসের মডেল অ্যাক্সেস পারমিশন বা অনুমতির বিষয়টিও কার্যকর থাকবে।
প্লাস ব্যবহারকারীদের ক্ষেত্রে ওয়েব বা মোবাইল অ্যাপে ‘ওয়ার্ক’ খুলে সেখান থেকে সহজলভ্য বিভিন্ন মডেলের তালিকা থেকে অ্যাস্ট্রা বাছাই করতে হবে। ডেস্কটপ অ্যাপের ক্ষেত্রে প্রথমে ‘চ্যাট’ থেকে ‘ওয়ার্কে’ সুইচ করে তারপর বাছাই করে নিন।
অন্যদিকে কোডেক্স ব্যবহারকারীরাও অ্যাস্ট্রা বাছাই করতে পারবেন। তবে এজন্য ‘কোডেক্স সিএলআই’ সংস্করণ অন্তত ০.১৫৩.০ বা তার বেশি হতে হবে।
মডেলটি অপশনে না দেখালে ডেস্কটপ অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হলেও ব্যবহারকারীদের মেনু থেকে ‘চেক আপডেটস’ অপশনে গিয়ে ম্যানুয়ালি আপডেট চেক করার পরামর্শ দিয়েছে ওপেনএআই।
‘ওয়ার্ক’ প্ল্যাটফর্মটি আলাদাভাবে চালু হচ্ছে। ফলে এক প্ল্যাটফর্মে অ্যাস্ট্রা পাওয়া গেলেও অন্য প্ল্যাটফর্মে তা পেতে কিছুটা দেরি হতে পারে।
ডেস্কটপ অ্যাপের মাধ্যমে ‘ওয়ার্ক’ ফিচারটি ব্যবহারের ক্ষেত্রে প্রাইভেসির দিকও রয়েছে। ওপেনএআই বলেছে, প্ল্যাটফর্মটি স্থানীয়ভাবে চললেও বার্তা ও কাজের টাস্ক কনটেক্সট ক্লাউড সার্ভারে সংরক্ষিত হতে পারে।
অ্যাস্ট্রা কীভাবে দ্রুত কোটা ফুরিয়ে ফেলে তা দেখুন
‘জিপিটি-৬ অ্যাস্ট্রা’ ব্যবহারের ক্ষেত্রে কেবল অনুমতি পাওয়াই শেষ কথা নয়, এর ব্যবহারকারীদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখতে হবে, যা হচ্ছে ব্যবহারের কোটা বা লিমিট।
ওপেনএআই বলেছে, টাস্কের জটিলতা, কনটেক্সটের পরিমাণ ও রিজনিং বা যুক্তিনির্ভরতার ওপর নির্ভর করে ‘জিপিটি-৫.৬ সল’-এর তুলনায় অ্যাস্ট্রা খুব দ্রুত ব্যবহারকারীর ব্যবহারের লিমিট খরচ করে ফেলতে পারে। ফলে বড় কোনো কোডিংয়ের কাজের ক্ষেত্রে কোটা অনেক দ্রুত ফুরিয়ে যাবে।
ওপেনএআইয়ের প্রাক্কলন অনুসারে বিভিন্ন প্ল্যানের মাসিক বা নির্দিষ্ট সময়ের মেসেজ সীমা প্লাস ব্যবহারকারীদের জন্য প্রতি পাঁচ ঘণ্টায় প্রায় ৫ থেকে ৪৫টি লোকাল অ্যাস্ট্রা মেসেজ পাঠানো সম্ভব।
১০০ ডলারের প্রো প্ল্যানের ক্ষেত্রে প্রতি পাঁচ ঘণ্টায় ২৫ থেকে ২২৫টি মেসেজ। ২০০ ডলারের প্রো প্ল্যানের ক্ষেত্রে প্রতি পাঁচ ঘণ্টায় ১০০ থেকে ৯০০টি মেসেজ।
ব্যবহারকারীর বর্তমান কোটা ও রিসেট হওয়ার সময়সীমা চ্যাটজিপিটির ‘ইউজেজ ড্যাশবোর্ড’-এ গিয়ে দেখে নেওয়া যাবে। এ ছাড়া চ্যাট অপশনের জন্য আলাদা লিমিট রয়েছে।
১০০ ডলারের প্রো প্ল্যানে ‘জিপিটি-৬ প্রো’ ও ‘জিপিটি-৫.৬ সল প্রো’ যৌথভাবে প্রতি সপ্তাহে ৫০টি মেসেজের কোটা শেয়ার করে। অন্যদিকে ২০০ ডলারের প্ল্যানে প্রতি সপ্তাহে ২০০টি ‘জিপিটি-৬ প্রো’ মেসেজ পাঠানোর সুযোগ পাওয়া যায়।
কোটা দ্রুত ফুরিয়ে যাওয়া ঠেকাতে অ্যাস্ট্রাকে কেবল জটিল ও প্রয়োজনীয় কাজেই ব্যবহারের পরামর্শ দিয়েছে ওপেনএআই।
বিভিন্ন প্রম্পট সুনির্দিষ্ট রাখা, কেবল প্রয়োজনীয় ফাইল যোগ করা এবং আউটপুটের আকার ও ফরম্যাট নির্দিষ্ট করে দেওয়ার মাধ্যমে অপ্রয়োজনীয় ব্যাক-এন্ড চ্যাট কমানো সম্ভব।
অন্যদিকে, ডেভেলপারদের জন্য এপিআই-এর মাধ্যমেও ‘জিপিটি-৬ অ্যাস্ট্রা’ চালু করেছে ওপেনএআই। এজন্য স্ট্যান্ডার্ড রেট নির্ধারণ হয়েছে প্রতি দশ লাখ ইনপুট টোকেনে ১০ ডলার ও প্রতি দশ লাখ আউটপুট টোকেনে ৫০ ডলার।
তবে যেসব রিকোয়েস্টে মোট ইনপুট টোকেনের পরিমাণ ২ লাখ ৭২ হাজার ছাড়িয়ে যায়, সেগুলোর ক্ষেত্রে দ্বিগুণ ইনপুট ও ক্যাশ রেট ও ১ দশমিক ৫ গুণ আউটপুট চার্জ প্রযোজ্য হবে।