১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিতর্কিত ‘জিপিটি-৪ও’ মডেলকে চিরতরে বিদায় করল ওপেনএআই

চ্যাটজিপিটির এ মডেলটি ব্যবহারকারীদের সঙ্গে আলাপকালে অনেক বেশি পটু ও অতিমাত্রায় অনুগত বা তোষামোদকারী হিসেবে পরিচিত ছিল।

বিতর্কিত ‘জিপিটি-৪ও’ মডেলকে চিরতরে বিদায় করল ওপেনএআই
কোম্পানিটি বলেছে, মডেলটিকে স্থায়ীভাবে বন্ধ করেছে তারা। ছবি: ওপেনএআই

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 05:33 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

প্রযুক্তি বিশ্বে পরিবর্তনের হাওয়া সবসময় দ্রুতই বয়। এবার আনুষ্ঠানিকভাবে আলোচিত ও বিতর্কিত মডেল জিপিটি-৪ও’কে অবসরে পাঠাল নির্মাতা কোম্পানি ওপেনএআই।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, শুক্রবার আনুষ্ঠানিকভাবে মডেলটিকে অবসরে পাঠিয়েছে কোম্পানিটি। চ্যাটজিপিটির এ মডেলটি ব্যবহারকারীদের সঙ্গে আলাপকালে অনেক বেশি পটু ও অতিমাত্রায় অনুগত বা তোষামোদকারী হিসেবে পরিচিত ছিল।

জানুয়ারিতে এক পোস্টের মাধ্যমে মডেলটি বন্ধের খবর প্রথম ওপেনএআই তাদের ওয়েবসাইটে জানায়। তবে ওই বাতিলের তালিকায় ‘জিপিটি-৫’, ‘জিপিটি-৪.১, ‘জিপিটি-৪.১ মিনি’ ও ‘ওপেনএআই ও৪-মিনি’ নামের মডেলও রয়েছে।

এবারই প্রথম চ্যাটজিপিটি থেকে ‘জিপিটি-৪ও’কে সরানো হল বিষয়টি এমন নয়। এর আগে অগাস্টেও নিজেদের সর্বশেষ মডেল ‘জিপিটি-৫’কে অগ্রাধিকার দিতে ও প্রচার বাড়াতে ‘জিপিটি-৪ও’ মডেলটিকে বন্ধ করেছিল কোম্পানিটি।

তবে ওই সময় ব্যবহারকারীদের ব্যাপক অভিযোগের মুখে আবারও ‘জিপিটি-৪ও’ ব্যবহারের সুযোগ ফিরিয়ে দিতে বাধ্য হয় ওপেনএআই।

এখন কোম্পানিটি বলেছে, মডেলটিকে স্থায়ীভাবে বন্ধ করেছে তারা।

‘অধিকাংশ ব্যবহারকারী এখন জিপিটি-৫.২ মডেল ব্যবহার করছেন এবং প্রতিদিন কেবল ০.১ শতাংশ ব্যবহারকারী জিপিটি-৪ও ব্যবহার করছেন’।

পাশাপাশি, ওপেনএআই বেশ কিছু আইনি জটিলতার মুখে পড়েছে, যেখানে বিশেষভাবে জিপিটি-৪ও মডেলটির নাম রয়েছে।

মডেলটি বন্ধের দুই সপ্তাহ আগে ওপেনএআই নোটিশ দিলেও নিজেদের প্রিয় ‘এআই বয়ফ্রেন্ড’কে হারানোর শোকে ভেঙে পড়েছেন ব্যবহারকারীদের এক সরব অংশ।

তারা পছন্দের এ মডেলটিকে ‘ওপেন সোর্স’ বা সবার জন্য উন্মুক্তের দাবিও তুলছিলেন।