Published : 02 Aug 2026, 12:55 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের জগতে বড় পরিবর্তনের আভাস দিয়ে হিউম্যানয়েড রোবট নিয়ন্ত্রণের নতুন প্রযুক্তি উন্মোচন করেছে গুগল ডিপমাইন্ড।
‘জেডিমিনি রোবোটিক্স ২’ নামের এ ব্যবস্থার ফলে এসব রোবট এখন ইন্টারনেটের সহায়তা ছাড়াই মানুষের মতো বিভিন্ন দৈনন্দিন ও জটিল কাজ সম্পন্ন করতে পারবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
কোম্পানিটির নতুন এ সিস্টেমটিতে রয়েছে ‘ইন্টেলিজেন্ট হোল-বডি কন্ট্রোল’ সুবিধা, যার মাধ্যমে বিভিন্ন হিউম্যানয়েড রোবট নিজেরাই স্বায়ত্তশাসিতভাবে বিভিন্ন ধরনের জটিল কাজ সম্পন্ন করতে পারবে।
এক ভিডিওতে নতুন এ এআই মডেলের রোবটকে গাছে পানি দেওয়ার ক্যান তুলে নেওয়া, লাইটের বাল্ব লাগানো ও ময়লার ব্যাগ বাঁধার মতো কাজ করতে দেখা গেছে।
ব্লগ পোস্টে গুগল ডিপমাইন্ডের রোবোটিক্স প্রধান ক্যারোলিনা পারাদা বলেছেন, অধিকাংশ রোবটই নির্দিষ্ট ও পুনরাবৃত্তিমূলক কাজের জন্য প্রি-প্রোগ্রামড বা দূর থেকে নিয়ন্ত্রিত থাকে। হঠাৎ পরিবেশ বদলে গেলে নিজেদের মতো শেখা বা মানিয়ে নেওয়ার সক্ষমতা তাদের থাকে না।
তবে গুগল ডিপমাইন্ডের এ মডেল প্রথমবারের মতো একটি পুরো হিউম্যানয়েড রোবটকে নিয়ন্ত্রণ করে মানুষের মনস্তাত্ত্বিক উদ্দেশ্য বা সিদ্ধান্তকে দেহ জুড়ে বুদ্ধিমান পরিচালনায় রূপান্তর করতে পারে।
‘জেডিমিনি রোবোটিক্স ২’ মডেলে ‘ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল’ বা ভিএলএম ও দুটি ‘ভিশন ল্যাঙ্গুয়েজ অ্যাকশন’ বা ভিএলএ মডেলকে একসঙ্গে করেছে গুগল ডিপমাইন্ড। ফলে রোবট কেবল মানুষের সঙ্গে যোগাযোগই করতে পারবে না, বরং আশপাশের পরিবেশ বুঝে চলাফেরা ও কাজও করতে পারবে।
এ উদ্ভাবনকে ফিজিক্যাল এজিআই বা ‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স’ বা মানুষের সমান সক্ষমতাওয়ালা রোবট তৈরির দৌড়ে নতুন ‘মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছে গুগল ডিপমাইন্ড।
কোম্পানিটির প্রধান ড. ক্যারোলিনা পারাদা বলেছেন, “রোবোটিক্সের প্রকৃত সম্ভাবনাকে উন্মোচন করতে হলে আমাদের নির্দিষ্ট কাজের স্বয়ংক্রিয়তা থেকে বেরিয়ে সর্বজনীন বা সাধারণ বুদ্ধিমত্তা তৈরির দিকে এগোতে হবে।
“আমাদের মূল লক্ষ্য, এমন এআই তৈরি করা, যা বাস্তব জগতে মানুষের পাশাপাশি থেকে জটিল সব সমস্যার সমাধান করতে পারবে।”
এর আগে গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস রোবটের জন্য এমন এক এআই প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনার কথা বলেছিলেন, যা অনেকটা স্মার্টফোনের ‘অ্যান্ড্রয়েড’ অপারেটিং সিস্টেমের মতো কাজ করবে।
হিউম্যানয়েড রোবটের এ ‘মস্তিষ্ক’ গুগল তৈরি করায় বস্টন ডাইনামিকসের মতো রোবোটিক্স নির্মাতা কোম্পানিগুলো এখন মূল হার্ডওয়্যার বা বডি গঠনে মনোযোগ দিতে পারবে।
অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ব্যবহার করে যেমন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি হয়, তেমনই এআইয়ের এ একক প্ল্যাটফর্ম ব্যবহার করেই এসব রোবট আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ ও দেহ নিয়ন্ত্রণ করতে পারবে।
গেল বছর ডিপমাইন্ড রোবটের জন্য এমন এক অন-ডিভাইস এআই মডেল উন্মোচন করেছিল, যা ইন্টারনেট সংযোগ ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পারে।
কোনো দূরবর্তী সার্ভারের ওপর নির্ভর না করায় এ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন রোবট পৃথিবীর যে কোনো প্রান্ত বা মহাশূন্যেও সক্ষমতার সঙ্গে কাজ চালাতে পারে।