Published : 24 May 2026, 01:35 PM
আগামী ১ জুন থেকে মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
শিশুদের ক্ষতিকর কনটেন্ট ও অনিরাপদ যোগাযোগ থেকে দূরে রাখতেই সরকারি আইডি’র মাধ্যমে বয়স যাচাইয়ের এই কঠোর নিয়ম আনছে দেশটি।
প্রযুক্তি সংবাদের সািইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, ২০২৫ সালের নভেম্বরে মালয়েশিয়ার মন্ত্রিসভা এ নিয়মটির অনুমোদন দিয়েছে। এর এক বছর আগে অস্ট্রেলিয়ার সিনেটে একই ধরনের একটি বিল পাস হয়েছিল।
শিশুদের সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে অস্ট্রেলিয়ার এ উদ্যোগকে অনুসরণ করেছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ আরও বেশ কয়েকটি দেশ। যুক্তরাজ্য ও স্পেনের মতো বিভিন্ন রাষ্ট্রও এখন তাদের দেশে একই ধরনের নিষেধাজ্ঞা জারির কথা গুরুত্ব দিয়ে ভাবছে।
মালয়েশিয়ার নতুন নিয়ম অনুসারে, ১৬ বছরের কম বয়সী শিশুরা কোনো সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না। ফেইসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের মতো অ্যাপ ও ওয়েবসাইটগুলোকে অবশ্যই ‘বয়স যাচাইকরণ’ ব্যবস্থা চালু করতে হবে, যাতে নিশ্চিত করা যায় যে, মালয়েশিয়ায় তাদের কোনো ব্যবহারকারীর বয়সই ১৬ বছরের কম নয়।
এখন থেকে নতুন ব্যবহারকারীদের অ্যাকাউন্ট খোলার সময় বয়স যাচাই এবং যারা পুরানো ব্যবহারকারী তাদেরও বয়স যে ১৬ বছরের বেশি তা যাচাই করতে হবে।
এ পদক্ষেপের উদ্দেশ্য সম্পর্কে মালয়েশিয়া সরকার বলেছে, “শিশুরা যেন ক্ষতিকর কনটেন্ট, অনিরাপদ যোগাযোগ ও তাদের বয়সের সঙ্গে মানানসই নয় এমন সব ফিচারের মুখে না পড়ে সেই ঝুঁকি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
নতুন এসব নিয়ম ফলাফলভিত্তিক, অর্থাৎ ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের জন্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম নিজেদের পছন্দমতো যে কোনো প্রযুক্তি বা পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে স্বাধীন।
তবে, বয়স নিশ্চিতের জন্য তাদের অবশ্যই এমন ব্যবস্থা রাখতে হবে, যা মালয়েশিয়া সরকার বা ‘অন্য কোনো দেশের উপযোগী কর্তৃপক্ষের’ মাধ্যমে দেওয়া সরকারি আইডি কার্ড, যেমন জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ওপর নির্ভরশীল।
বিভিন্ন সামাজিক মাধ্যম ওয়েবসাইট ও অ্যাপের জন্য এমনটা বাধ্যতামূলক করা হয়েছে যে, যারা বয়স যাচাইকরণে ব্যর্থ হবে, তারা যেন নতুন কোনো অ্যাকাউন্ট তৈরি করতে না পারে।
পাশাপাশি, পুরানো ব্যবহারকারীদের মধ্যে যারা বয়স প্রমাণ করতে পারবে না, তাদের অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগও সীমিত বা বন্ধ করতে হবে।
বয়স যাচাইকরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক মাধ্যম কোম্পানির জন্য আরও কিছু নিয়ম মানা বাধ্যতামূলক হচ্ছে। শিশুদের ওপর প্রভাব ফেলে এমন ক্ষতিকর বিভিন্ন কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য তাদের ‘সহজ ও স্পষ্ট রিপোর্টিং ব্যবস্থা’ রাখতে হবে।
এ ছাড়াও, বিভিন্ন কোম্পানিকে ‘বয়সোপযোগী সুরক্ষা ও সেইফটি-বাই-ডিজাইন ফিচার’ বা নিরাপত্তা নিশ্চিতকারী বিশেষ ফিচার চালু করতে হবে এবং ১৬ বছরের কম বয়সী কেউ অ্যাকাউন্ট চালাচ্ছে বলে সন্দেহ বা রিপোর্ট এলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
১ জুন আসতে কেবল কয়েকটা দিন বাকি। ফলে বয়স যাচাইকরণ প্রক্রিয়াটি চালুর জন্য মালয়েশিয়া সরকার সামাজিক মাধ্যম কোম্পানিগুলোকে কিছুটা বাড়তি সময় দিচ্ছে।
তবে এসব কোম্পানিকে ঠিক কতটা সময় দেওয়া হচ্ছে তা নির্দিষ্ট করে বলা হয়নি।
মালয়েশিয়া সরকার কেবল বলেছে, এ সময়টুকু হবে ‘যৌক্তিক’ এবং নির্দিষ্ট সময়সীমার বিষয়টি তারা সামাজিক মাধ্যম কর্তৃপক্ষগুলোকে জানিয়ে দেবে।