বোনাস শেয়ার আকারে ৩০০ কোটি ডলার গেছে টেসলা বোর্ডের পকেটে
টেসলার একজন সাধারণ পরিচালক নগদ ও শেয়ারের মাধ্যমে মোট প্রায় ১ কোটি ২০ লাখ ডলার পারিশ্রমিক পেয়েছেন, যা অ্যালফাবেটের একজন পরিচালকের গড় পারিশ্রমিকের চেয়ে প্রায় আট গুণ।
মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলার বোর্ড সদস্যরা শেয়ার পুরস্কার থেকে মোট প্রায় ৩০০ কোটি ডলার আয় করেছেন। যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর পরিচালকদের তুলনায় এ অঙ্ক কয়েক গুণ বেশি।
কোম্পানির বেতন ও করপোরেট প্রশাসন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইকুইলার–এর এক বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। রয়টার্সের জন্য বিশ্লেষণটি করেছে প্রতিষ্ঠানটি।
এই আয় মূলত টেসলার শেয়ারের দাম দীর্ঘ সময় ধরে বেড়ে যাওয়ার ফল। বোর্ড সদস্যরা কম দামে পাওয়া শেয়ার বা স্টক অপশন পরে বেশি দামে বিক্রি করে বিপুল লাভ করেছেন।
বিশ্লেষণে দেখা গেছে, ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত টেসলার শেয়ার থেকে প্রায় ১০০ কোটি ডলার আয় করেছেন সিইও ইলন মাস্কের ভাই ও বোর্ড সদস্য কিম্বল মাস্ক।
বোর্ডের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন পরিচালক আইরা এহরেনপ্রেইস ও বোর্ড চেয়ারম্যান রবিন ডেনহোলম। এহরেনপ্রেইস ২০০৭ সাল থেকে প্রায় ৮৬ কোটি ৯০ লাখ ডলার এবং ডেনহোলম ২০১৪ সাল থেকে প্রায় ৬৫ কোটি ডলার আয় করেছেন।
২০২০ সালের পর নতুন করে শেয়ার পুরস্কার না পেলেও আগের পুরস্কারের মূল্যবৃদ্ধির কারণেই এই বিপুল সম্পদ গড়ে উঠেছে। শেয়ারহোল্ডারদের করা একটি মামলার কারণে ২০২১ সাল থেকে টেসলা বোর্ড সদস্যদের পারিশ্রমিক স্থগিত রেখেছে।
তবে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে টেসলার একজন সাধারণ পরিচালক নগদ ও শেয়ারে মোট প্রায় ১ কোটি ২০ লাখ ডলার পারিশ্রমিক পান। এটি ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ খ্যাত প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোম্পানি অ্যালফাবেটের পরিচালকদের গড় আয়ের চেয়ে প্রায় আট গুণ বেশি।
টেসলা, এনভিডিয়া, অ্যালফাবেট, মেটা, অ্যাপল, মাইক্রোসফট ও অ্যামাজন—এই সাতটি প্রতিষ্ঠানকে একসঙ্গে বলা হয় ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’।
ইকুইলারের বিশ্লেষণে বলা হয়েছে, এই সাত কোম্পানির মধ্যে টেসলাই একমাত্র প্রতিষ্ঠান, যেখানে পরিচালকদের প্রাথমিক শেয়ার পুরস্কারের পরিমাণ এত বেশি ছিল যে সেটিই তাদের সম্পদ অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে।
২০১৮ থেকে ২০২৪ সাল—এই সাত বছরে, পারিশ্রমিক বন্ধ থাকার চার বছর ধরেও হিসাব করলে দেখা যায়, টেসলার বোর্ড সদস্যরা দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া কোম্পানি মেটার পরিচালকদের তুলনায়ও আড়াই গুণ বেশি আয় করেছেন।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে টেসলার মুখপাত্র বলেন, পরিচালকদের পারিশ্রমিক সরাসরি শেয়ারের পারফরম্যান্স ও শেয়ারহোল্ডারদের স্বার্থের সঙ্গে যুক্ত। তিনি দাবি করেন, বোর্ড সদস্যরা অন্যদের তুলনায় বেশি সময় ও শ্রম দেন।
মুখপাত্র বলেন, ২০২৪ সালে বোর্ড ও কমিটির মোট ৫৮টি বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালকরা।
টেসলার বোর্ড সদস্যরা শেয়ারের পাশাপাশি স্টক অপশন হিসেবেও পারিশ্রমিক পেয়েছেন। করপোরেট প্রশাসন বিশেষজ্ঞদের মতে, স্টক অপশনে পরিচালকদের ক্ষতির ঝুঁকি কম থাকে, কিন্তু লাভের সুযোগ অনেক বেশি।
স্টক অপশন মানে ভবিষ্যতে নির্দিষ্ট দামে শেয়ার কেনার অধিকার। শেয়ারের দাম বাড়লে কম দামে কিনে বেশি দামে বিক্রি করা যায়, আর দাম না বাড়লে অপশন ব্যবহার না করলেও কোনো ক্ষতি হয় না।
তবে টেসলার মুখপাত্র বলেন, শেয়ারের দাম না বাড়লে অপশনের কোনো মূল্য থাকে না—এ কারণে এটিকে ঝুঁকিপূর্ণ প্রণোদনাও বলা যায়।
চারজন করপোরেট প্রশাসন বিশেষজ্ঞ রয়টার্সকে বলেন, অতিরিক্ত পারিশ্রমিক টেসলা বোর্ডের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে এবং সিইও ইলন মাস্কের প্রভাব আরও বেড়েছে।
‘সাউন্ডবোর্ড গভর্ন্যান্স এলএলসি’-এর পরামর্শক ডগলাস চিয়া বলেন, “টেসলার পরিচালকরা হাস্যকর রকমের বেশি পারিশ্রমিক পান। এত বেশি টাকা পেলে স্বাধীনভাবে কাজ করার প্রণোদনা কমে যায়।”
এ ছাড়া ডেলাওয়্যারের একটি আদালত ২০১৮ সালে মাস্ককে দেওয়া পারিশ্রমিক প্যাকেজ বাতিল করেছে, যার বর্তমান মূল্য প্রায় ১৩ হাজার ২০০ কোটি ডলার। আদালত বলেন, বোর্ড সদস্যদের সঙ্গে মাস্কের ব্যক্তিগত সম্পর্ক সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।
বোর্ড ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। আপিলে হারলে মাস্ককে অন্তত ৪ হাজার ২০০ কোটি ডলার মূল্যের বিকল্প প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে টেসলা।
এর মধ্যেই বোর্ড মাস্কের জন্য নতুন একটি পারিশ্রমিক প্যাকেজ প্রস্তাব করেছে, যার মাধ্যমে আগামী দশ বছরে তিনি প্রায় ১ ট্রিলিয়ন ডলার মূল্যের শেয়ার পেতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, অন্য ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ কোম্পানিগুলোতে পরিচালকদের পারিশ্রমিক শিল্পের স্বাভাবিক মান অনুযায়ী দেওয়া হয়েছে। কিন্তু টেসলার ক্ষেত্রে অতিরিক্ত শেয়ার ও অপশন পুরস্কার বোর্ডের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
চিয়ার ভাষায়, “টেসলা আর পাঁচটা পাবলিক কোম্পানির মতোই। তাহলে টেসলার পরিচালকদের এত বিশেষ হওয়ার কারণ কী?”
