১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জেমিনাইয়ের চেহারায় বড় পরিবর্তন আনছে গুগল

ওপেনএআইয়ের ভিডিও এডিটিং অ্যাপ ‘সোরা’ যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে শীর্ষে ওঠার পর এবার গুগলও তার ‘জেমিনাই’ অ্যাপে বড় পরিবর্তন আনার পথে।

জেমিনাইয়ের চেহারায় বড় পরিবর্তন আনছে গুগল
নতুন ফিডে ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় প্রম্পট সাজেশনও দেখা গেছে। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 12:19 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

ওপেনএআইয়ের ভিডিও এডিটিং অ্যাপ ‘সোরা’ যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে শীর্ষে ওঠার পর এবার গুগলও তার ‘জেমিনাই’ অ্যাপে বড় পরিবর্তন আনার পথে এগোচ্ছে। 

প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি এখন এমন এক নতুন ইউজার ইন্টারফেইস পরীক্ষা করছে যা চ্যাটবট-স্টাইলের পুরনো ডিজাইন থেকে সরিয়ে অ্যাপটিকে আরও চোখ ধাঁধানো ও ভিজুয়ালভাবে আকর্ষণীয় করে তুলবে।

এই নতুন সংস্করণে জেমিনাই অ্যাপটি থাকবে এক ধরনের স্ক্রল করার ফিডের চেহারায় যেখানে ব্যবহারকারীদের জন্য নানা প্রম্পট সাজেশন ও ছবিসহ আইডিয়া দেওয়া থাকবে। এসব দেখে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন কীভাবে এআইটিকে কাজে লাগানো যায়।

প্রযুক্তি সাইট ‘অ্যান্ড্রয়েড অথরিটি’ সম্প্রতি জেমিনাই অ্যান্ড্রয়েড অ্যাপের একটি সংস্করণে এই পরিবর্তনের ইঙ্গিত খুঁজে পেয়েছে। যদিও এটি এখনো চালু হয়নি, এক রিভার্স ইঞ্জিনিয়ার কোড বিশ্লেষণ করে অ্যাপটির নতুন হোম স্ক্রিন সক্রিয় করতে পেরেছেন।

সেখানে দেখা গেছে, ‘ক্রিয়েট ইমেজ’ বা ‘ডিপ রিসার্চ’-এর মতো শর্টকাট বোতামগুলো উপরে রাখা হয়েছে আর তার নিচে যুক্ত করা হয়েছে স্ক্রল করার মত কনটেন্ট ফিড।

এই বিষয়ে গুগলের এক মুখপাত্র বলেন, “এই মুহূর্তে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার মতো কিছু নেই।”

নতুন ফিডে ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ও মজার প্রম্পট সাজেশনও দেখা গেছে। যেমন ‘আমাকে মহাকাশে পাঠাও’, ‘আমাকে ভিনটেজ লুক দাও’ অথবা ‘আমার আঁকাকে গল্পের বইয়ে রূপান্তর করো’। এ ছাড়া রঙিন ব্যাকগ্রাউন্ডে আরও কিছু আইডিয়া ছিল।

টেকক্রাঞ্চ লিখেছে, গুগলের লক্ষ্য হলো ব্যবহারকারীদেরকে আরও নির্দিষ্ট ও অনুপ্রেরণামূলক আইডিয়া দেওয়া যাতে তারা নিজেরা না খুঁজে সরাসরি বুঝতে পারেন জেমিনাই অ্যাপ দিয়ে কী কী করা সম্ভব। একইসঙ্গে, এই পরিবর্তন অ্যাপটিকে করবে আরও ভিজুয়ালি রঙিন ও ইন্টার‌্যাকটিভ।

যদি নতুন ডিজাইনটি সর্বসাধারণের জন্য চালু করা হয় তাহলে এটি গুগলকে ওপেনএআইয়ের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে সাহায্য করতে পারে। কারণ চ্যাটজিপিটি অ্যাপ এখনো বেশ অল্পস্বল্প ডিজাইনেই সীমাবদ্ধ, যেখানে ব্যবহারকারীকে একেবারে ফাঁকা স্ক্রিন থেকে শুরু করতে হয়।

গুগলের নতুন এআই ইমেজ মডেল ‘ন্যানো বানানা’ এরইমধ্যে ব্যবহারকারীদের আগ্রহ বাড়িয়েছে। এই মডেলের কারণেই জেমিনাই অ্যাপ সেপ্টেম্বর মাসে অ্যাপ স্টোরের টপ চার্টে উঠে আসে, ১২ সেপ্টেম্বর পর্যন্ত এটি ছিল যুক্তরাষ্ট্রের এক নম্বর অ্যাপ। যদিও পরে সোরা এসে সেই অবস্থান দখল করে নেয়।